
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ওয়াকিমুল ইসলামের বানানো ব্যাটারিচালিত ‘স্মার্ট কার’-এ চড়ে তাঁকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকিমুল ইসলাম। এ সময় তাঁর বানানো ছোট বাহনটি প্রধানমন্ত্রীকে দেখান। পরে প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে স্মার্ট কারটি চালিয়ে দেখান ওয়াকিমুল। ব্যাটারিচালিত বিশেষ এ যানের নাম দেওয়া হয়েছে ‘এ টু আই স্মার্ট কার’।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এ বাহন তৈরি করায় ১৭ বছরের ওই শিক্ষার্থীর প্রশংসা করেন। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক আর সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শ এবং এমন সৃজনশীল উদ্যোগে সরকারি সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে তারেক রহমানকে স্মার্ট কার তৈরির গল্প শোনান ওয়াকিমুল ইসলাম। বিশেষ চাহিদাসম্পন্ন এ শিক্ষার্থী বলেন, একসময় তিনি সারা দিন বাসায় থাকতেন। বাইরে বের হতে পারতেন না। কীভাবে একা চলাফেরা করা যায়, সেই চিন্তা থেকে কারটি বানানো শুরু করেন।
ওয়াকিমুল যশোরের চৌগাছা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়েন। বাবা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।
প্রধানমন্ত্রীকে ওয়াকিমুল বলেন, যথাযথ সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নত স্মার্ট কার বানানো সম্ভব। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা ছাড়াও বয়স্করা তা ব্যবহার করতে পারবেন।
সাক্ষাতের সময় ওয়াকিমুলের সঙ্গে ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার। তিনি বলেন, স্মার্ট কারটি একবার চার্জ দিলে ৫০ কিলোমিটার পর্যন্ত চালানো সম্ভব। ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার গতি ওঠে।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।