
কারখানা থেকে রাসায়নিক পণ্য পরিবহনে সতর্কতাসহ সাত দফা দাবি জানিয়েছেন চট্টগ্রাম নগরের ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ রোডের বাসিন্দারা। বৃহস্পতিবার স্থানীয় কাউন্সিলর গাজী শফিউল আজিমের কাছে দেওয়া স্মারকলিপিতে এ দাবি জানান তারা।
স্মারকলিপিতে বলা হয়, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে গত বছরের জুনে ভয়াবহ বিস্ফোরণে ৫১ জনের মৃত্যুর পর থেকে কলেজ রোডের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। কারণ, বিস্ফোরণ হওয়া হাইড্রোজেন পার অক্সাইড তৈরির কারখানা কলেজ রোডের ঠাণ্ডাছড়িতে অবস্থিত।
আরও বলা হয়, এসব রাসায়নিক পরিবহনে সতর্ক না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এ সড়ক ছোট, পাশেই আবাসিক এলাকা। তাই এখান থেকে রাসায়নিক কারখানাটি অন্যত্র সরিয়ে নেওয়া দরকার। এ ছাড়া রাতে ভারি যানবাহন চলাচল, দিনে বেপরোয়া গতিতে বড় গাড়ি চলার কারণে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সড়কে চলতে সমস্যায় পড়ে। এসব সমস্যার টেকসই সমাধান চেয়েছেন এলাকাবাসী।
১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর গাজী শফিউল আজিম বলেন, এলাকাবাসীর দাবিগুলো কারখানা কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে। তারা পর্যায়ক্রমে এগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।