আকবরশাহ থানার বেলতলীঘোনায় পাহাড় কেটে সড়ক নির্মাণ চলছে। বাড়ছে ঝুঁকিপূর্ণ বসতি। এলাকাটির নিয়ন্ত্রণে স্থানীয় কাউন্সিলর।

পাহাড় কেটে গড়ে তোলা স্থাপনায় আগে থেকেই রয়েছে মিটারসহ বৈদ্যুতিক সংযোগ। আছে গভীর নলকূপ থেকে পানি তুলে পাইপলাইনের মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা। এবার অবৈধ বসতিগুলোর বাসিন্দাদের যাতায়াত সুবিধার জন্য ৩০ ফুট চওড়া পাকা রাস্তা নির্মাণ করে দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার বেলতলীঘোনার পাহাড় কেটে সড়ক নির্মাণের সময় শুক্রবার পাহাড় ধসে মারা যান একজন শ্রমিক। পাহাড়ে জনবসতি নিরুৎসাহিত করতে অবৈধ বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ উচ্ছেদের জন্য বারবার বলে আসছে জেলা প্রশাসন গঠিত পাহাড় ব্যবস্থাপনা কমিটি। তা না করে উল্টো পাকা সড়ক নির্মাণের ফলে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতির সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম ওরফে জসিমের নিয়ন্ত্রণে আকবরশাহ এলাকায় পাহাড় কাটা চলছে। তাঁর অনুসারীরা মূলত এখানে সরকারি খাস ও রেলওয়ে পাহাড় দখল করে বিক্রি করে থাকেন। জহুরুল আলম উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
বেলতলীঘোনায় প্রায় ১ হাজার ১০০ পরিবারের বসবাস। পাহাড় ব্যবস্থাপনা কমিটির মতে, এর মধ্যে ৩০০ পরিবার ঝুঁকিপূর্ণভাবে বাস করছে।
২৬ জানুয়ারি আকবরশাহ এলাকায় পাহাড় কাটার স্থান পরিদর্শনে গেলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়েন কাউন্সিলর জহুরুল আলমের অনুসারীরা।
গতকাল সরেজমিনে দেখা গেছে, বেলতলীঘোনার গার্ডেন ভ্যালী থেকে বায়তুল আমান জামে মসজিদ পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ ঢালাই করা সড়ক নির্মিত হচ্ছে পাহাড় কেটে। খাড়াভাবে পাহাড় কাটায় অগ্রণী হাউজিং–সংলগ্ন পাহাড়টির একাংশ ওপর থেকে নির্মাণাধীন সড়কের ওপর ধসে পড়ে।
বেলতলীঘোনার সব বাসাবাড়িতে বিদ্যুৎ–সংযোগ আছে। বায়তুল আমান মসজিদের পাশে রেলওয়ে পাহাড়ের একটি ঘরে থাকেন জহিরুল আলম নামের একজন দিনমজুর। তিনি জানান, জনৈক আবু আহমেদ নামের একজনকে প্রতি মাসে দুই হাজার টাকা ভাড়া দিয়ে সরকারি এই পাহাড়ের পাদদেশে থাকেন। তাঁর ঘরে পানি ও বিদ্যুৎ–সংযোগ রয়েছে।
১১ ফেব্রুয়ারি পাহাড় কেটে এই সড়ক নির্মাণের সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক একজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছিলেন। জানতে চাইলে ওমর ফারুক বলেন, ‘কাজ বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এরপর কীভাবে কাজ শুরু হলো, জানা নেই। পাহাড় কেটে এই সড়ক হচ্ছিল।’
শুধু তাই নয়, নির্মাণাধীন সড়কের কারণে পাহাড়ধসের ঝুঁকির কথা জানিয়ে পার্শ্ববর্তী অগ্রণী ব্যাংক অফিসার্স কো-অপারেটিভ হাউজিং সোসাইটির পক্ষ থেকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে আবেদন করা হয়েছিল। সোসাইটির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ৩৫ ফুট উঁচু পাহাড় কেটে স্থানীয় কাউন্সিলরের লোকজন রাস্তাটি তৈরি করছিলেন। এটি বন্ধের জন্য তাঁরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। পরে অভিযান চালানো হয়। কিন্তু সড়ক নির্মাণ বন্ধ হয়নি।
বৃহস্পতিবার পাহাড়ধসের পর সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ঘটনাস্থলে গিয়ে বলেন, সিটি করপোরেশনের অধীনে এডিবির অর্থায়নে ২ কোটি ৬৭ লাখ টাকায় প্রতিরোধ দেয়ালসহ নির্মাণকাজ চলছিল।
আকবরশাহ থানার বেলতলীঘোনা এলাকায় পাহাড় কাটার নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম। বেলতলীঘোনায় রয়েছেন মো. ইসমাইল নামে জহুরুলের এক অনুসারী। তিনি এসব তদারক করে থাকেন।
সড়কটির নির্মাণকাজের তদারক করছিলেন কাউন্সিলরের অনুসারী ফারুক। রসুলপুর বেলতলীঘোনা সমাজকল্যাণ পরিষদের সভাপতি তিনি আর মো. সেলিম সাধারণ সম্পাদক। সমিতির কার্যালয়টি করা হয়েছে পাহাড় কেটে। কার্যালয়ের পাশে পাওয়া গেল মো. সেলিমকে। পাহাড় কাটা ও বেচাকেনায় কাউন্সিলর কিংবা তাঁদের কোনো হাত নেই বলে দাবি করেন সেলিম। তিনি বলেন, এলাকার পানি সরবরাহের কাজ তাঁরা করে থাকেন। এ জন্য ২০০-৩০০ টাকা করে নেন। বেলতলীঘোনায় ১ হাজার ১০০ বাসিন্দা হলেও ভূমির মালিক আছেন ৮০ জন।
এ ছাড়া এরশাদ মামুন নামের স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কও পাহাড়ের কিছু অংশ নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে।
জানতে চাইলে জেলা প্রশাসক আবুল বাসার মুহাম্মদ ফখরুজ্জামান বলেন, কাউন্সিলরের নেতৃত্বে পাহাড় কাটা হয় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তের পর পুরোপুরি বলা যাবে। অপর এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, রাস্তা হলে ঝুঁকিপূর্ণ বসতি বাড়বে, সেটা ঠিক। তবে পাহাড় কেটে রাস্তা করার আগে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিতে হবে।
অভিযোগের বিষয়ে জানতে কাউন্সিলর জহুরুল আলমকে ফোন করা হলেও তিনি ধরেননি।
এই সড়ক ঝুঁকিপূর্ণ বসতি গড়তে বাসিন্দাদের উৎসাহিত করবে কি না, জানতে চাইলে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের এখানে লোকজন এসে সড়কের দাবি জানায়। কিন্তু সড়ক নির্মাণের আগে কোনো গবেষণা হয় না। তবে সড়ক নির্মাণের জন্য কেন নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হলো না, তা খতিয়ে দেখা হবে।’