
পবিত্র রমজান মাসে পরিবার-পরিজন ও বন্ধুরা মিলে একসঙ্গে ইফতার করার ইচ্ছা থাকে অনেকের। সেই ভাবনা থেকেই পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ‘গ্র্যান্ড ইফতার টেকঅ্যাওয়ে ফেস্ট’ ক্যাম্পেইনের আয়োজন করেছে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী অনলাইন প্ল্যাটফর্ম ‘ফুডপান্ডা বাংলাদেশ’। প্রিয়জনদের সঙ্গে নিয়ে ইফতারে ঐতিহ্যবাহী ও সুস্বাদু খাবারের আয়োজনের সাংস্কৃতিক পরম্পরা রয়েছে। ফুডপান্ডার এ আয়োজন সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন, প্রথম আলো ডটকম, বিকাশ, ইস্টার্ণ ব্যাংক লিমিটেড ও প্রাণ ফ্রুটোর সহযোগিতায় এ ক্যাম্পেইনের আয়োজন করছে ফুডপান্ডা। ক্রেতাদের স্বাচ্ছন্দ্যে রাজধানীর জনপ্রিয় বিভিন্ন রেস্তোরাঁ এ ক্যাম্পেইনে যুক্ত হয়েছে। বনানীর ডিএনসিসি ফুডকোর্ট ও ধানমন্ডির সীমান্ত স্কয়ারে দুটি নির্দিষ্ট ভেন্যুতে আয়োজন করা হয়েছে উৎসবটির।
বনানী-ধানমন্ডিসহ নিকটবর্তী এলাকার গ্রাহকেরা এ উৎসবে অংশগ্রহণকারী রেস্তোরাঁ থেকে ইফতারের জন্য তাঁদের পছন্দের খাবার ভেন্যু থেকে পিকআপ করা কিংবা বাসায় বসে ডেলিভারি নিতে পারবেন। এ উৎসবে মিলবে গরম ধোঁয়া ওঠা হালিম, বিরিয়ানি বা ঘিয়ে ভাজা মচমচে জিলাপির মতো রমজানের ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবারের সমাহার।
সবার জন্য সাশ্রয়ী মূল্যে ও স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে জনপ্রিয় সব রেস্তোরাঁ নিয়ে ইফতারের এ আয়োজন বেলা দুটা থেকেই ফুডপান্ডা অ্যাপে লাইভ হবে। এ আয়োজনে ডিসেন্ট পেস্ট্রি শপ, জয়পুর সুইটস, বারবিকিউ টুনাইট, হাজি নান্নার মতো ঐতিহ্যবাহী রেস্তোরাঁ ছাড়াও রয়েছে তার্কা, ট্রি-স্টেট ইটারি ও ইফতারওয়ালার মতো নতুন ও জনপ্রিয় সব রেস্তোরাঁ।
যে গ্রাহকেরা ইফতার স্টলে গিয়ে সরাসরি খাবার কিনতে চান, কিন্তু তাঁদের ফোনে ফুডপান্ডা অ্যাপ ইনস্টল করা নেই, তাঁদের জন্য ভেন্যুতে নির্ধারিত স্বেচ্ছাসেবীরা থাকবেন। তাঁরা ভেন্যু থেকেই অ্যাপ ইনস্টল ও খাবার অর্ডার করে দেওয়ার কাজে গ্রাহকদের সহযোগিতা করবেন। ২৬ মার্চে শুরু হওয়া এই ইফতার উৎসব চলবে রমজানজুড়ে।
এ বিষয়ে ফুডপান্ডার হেড অব মার্কেটিং মানিষা সাফিয়া তারেক বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় ফুড ডেলিভারি প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের প্রয়োজন পূরণ করাকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি। আমরা গ্রাহকদের চাহিদা পূরণ করতে তাঁদের পছন্দের সেরা ইফতার নিয়ে হাজির হয়েছি। গ্রাহকেরা এখন তাঁদের পছন্দের ইফতার ভেন্যু থেকেই পিকআপ করতে পারবেন অথবা খুব সহজেই বাসায় বসে ডেলিভারি নিতে পারবেন।’
আয়োজনটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.foodpanda.com ওয়েবসাইটে।