ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম ওরফে মজনুকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক শফি উদ্দিন আজ সোমবার এই আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে এই কথা জানান। গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে রফিকুলকে রাজধানীর শাহজাহানপুরের বাসার নিচ থেকে পুলিশ আটক করে।
পুলিশ সূত্র জানায়, গত ডিসেম্বরে পল্টন থানায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রফিকুলকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়। অপর দিকে রফিকুলের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
রফিকুলের পরিবার সূত্র জানিয়েছে, রফিকুল আলম বাসার বাইরে ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তাঁর বাসার নিচে আগেই অবস্থান করছিলেন। তিনি বাইরে থেকে ফেরামাত্র বাসার নিচ থেকে পুলিশ তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায়। প্রথমে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
রফিকুল আলমের ছোট ভাই বদরুল আলম আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, রাত ১২টার দিকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভাইকে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় তারা বলেছে সকালে ডিবি অফিসে যেতে।
ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ আজ প্রথম আলোকে বলেন, বিএনপির ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।