মহড়ার সময় জাহাজ থেকে পড়ে নিখোঁজ চীনের নাবিক

ফাইল ছবি

দুর্ঘটনা প্রতিরোধের মহড়ার সময় বিদেশি জাহাজ থেকে পড়ে নিখোঁজ চীনের নাবিক এখনো উদ্ধার হননি। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা এমভি ক্যাং হুয়ান জাহাজে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কোস্টগার্ড ও বন্দরের নৌযান দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

নিখোঁজ নাবিকের নাম ঝাং মিন ইয়ান (৪১)। তিনি চীনা পতাকাবাহী জাহাজটিতে প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। গত ২৬ ডিসেম্বর তিনি জাহাজটিতে যোগদান করেন। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দর থেকে পাথর নিয়ে গত রোববার বন্দর জলসীমায় পৌঁছায়।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, জাহাজটিতে দুর্ঘটনা প্রতিরোধে মহড়া চলছিল। মহড়ার সময় ১৬ জন নাবিক জাহাজে থাকা লাইফবোটে চড়েন। হঠাৎ করে জাহাজ থেকে লাইফবোট সাগরে পড়ে যায়। এ সময় ১৫ জন উদ্ধার হলেও একজনকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ নাবিককে উদ্ধারে কোস্টগার্ড ও বন্দরের কার্যক্রম চলছে।

বন্দর সূত্র জানায়, এ ঘটনা খতিয়ে দেখতে বন্দর থেকে নৌবাণিজ্য দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। জানতে চাইলে নৌবাণিজ্য দপ্তরের মুখ্য কর্মকর্তা ক্যাপ্টেন সাব্বির মাহমুদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। বৃহস্পতিবার থেকে কমিটি কাজ শুরু করবে।