
আট বছর আগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে সোনার বার উদ্ধারের মামলায় ওই যাত্রীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। তাঁর নাম মোহাম্মদ হোসাইন। আজ বৃহস্পতিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঞা এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, আদালত আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। আসামি তিন বছর আগে জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৩০ অক্টোবর সকালে দুবাই থেকে একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন মোহাম্মদ হোসাইন। বিমানবন্দর ছাড়ার আগে তাঁর কাছে শুল্ক আরোপযোগ্য কোনো পণ্য নেই বলে ঘোষণা দেন। অভিবাসন সম্পন্নের পর ব্যাগেজ নিয়ে কাস্টমসের গ্রিন চ্যানেল পার হয়ে চলে যাওয়ার সময় তাঁর শরীর তল্লাশি করে কাপড়ের দুটি বেল্টের ভেতর থেকে সোনার ৮২টি বার উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে নগরের পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। ২০১৫ সালের ২০ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। একই বছরের ২৯ সেপ্টেম্বর আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন। আট সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।