সাভারের ব্র্যাক সিডিএম প্রাঙ্গণে ৩০ বছর পূর্তি উদ্‌যাপন করেছে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)
সাভারের ব্র্যাক সিডিএম প্রাঙ্গণে ৩০ বছর পূর্তি উদ্‌যাপন করেছে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়ে সিডিডির ৩০ বছরের পথচলা

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং তাদের আর্থসামাজিক উন্নয়নে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) দীর্ঘ পথচলার ৩০ বছর পূর্তি উদ্‌যাপন করেছে প্রতিষ্ঠানটি। সোমবার সাভারের ব্র্যাক সিডিএম প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিডিডির বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তি, দাতা সংস্থাসহ অন্যান্য অংশীদার সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন

অনুষ্ঠান উদ্বোধন করেন সিডিডির নির্বাহী পরিচালক নাজমুল বারী। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান এবং নেতৃত্বের সুযোগ আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সিডিডি। ভবিষ্যতে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার এই প্রচেষ্টায় অংশ নিতে সরকারসহ সবার প্রতি আহ্বান জানান তিনি।

এরপর প্রতিষ্ঠানটির সুদীর্ঘ যাত্রার খণ্ডচিত্র তুলে ধরেন সিডিডির নির্বাহী উপদেষ্টা এ এইচ এম নোমান খান। এ সময় সিডিডির ৩০ বছরের পথচলার স্মৃতিসংবলিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এরপর কেক কাটা শেষে পরিবেশন করা হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী পটের গান।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম তারেক বলেন, বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় সিডিডি সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এর আগে সকালে কমিউনিটি বেজড রিহ্যাবিলিটেশন (সিবিআর) সামিট ২০২৬ আয়োজন করে সিডিডি। এই সম্মেলনে অংশ নেন কয়েক শ প্রতিবন্ধী শিশু, যুব ও তাদের অভিভাবকেরা। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অংশগ্রহণ, ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের বিষয়ে আলোচনা করেন বক্তারা।

প্রতিবন্ধী ব্যক্তিসহ অন্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।