
পুরান ঢাকার জজকোর্ট এলাকা একশ্রেণির প্রতারকে সয়লাব। তারা জজকোর্টসহ দেশের বিভিন্ন আদালতে ভাড়ায় বাদী সেজে মামলা করে। মামলার পর গ্রেপ্তারি পরোয়ানা বের করে তারা পুলিশকে বিভ্রান্ত করে। এতে সাধারণ মানুষ হয়রানির শিকার হন। এসব প্রতারকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার দুপুর ১২টার দিকে এক মানববন্ধন থেকে এসব অভিযোগ করা হয় এবং দাবি জানানো হয়। জজকোর্ট এলাকায় কিছু ব্যক্তি মামলা দিয়ে প্রতারণা করছে—এমন অভিযোগ নিয়ে এই মানববন্ধনের আয়োজন করে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন।
সভাপতির বক্তব্যে জাসদের (ইনু) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য এনামুজ্জামান চৌধুরী বলেন, সিল, স্বাক্ষর ও কাগজ জাল করে সাজানো গ্রেপ্তারি পরোয়ানা করা হয়। এ ধরনের প্রতারক ঢাকার জজকোর্টে সংখ্যায় বেশি। দেশের অন্যান্য আদালতেও তাদের বিচরণ আছে।
মানববন্ধনে বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, সারা দেশেই সাজানো ঘটনায় মামলার ধকলে অগণিত মানুষ হয়রানির স্বীকার হচ্ছেন। এক জেলা থেকে আরেক জেলায় মামলার হাজিরা দিতে হচ্ছে, অনেকে হাজতবাসও করছেন। একশ্রেণির প্রতারকচক্রের কারসাজিতে মানুষ বিপদে পড়ছেন। এর বিরুদ্ধে সরকারের কঠোর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
মানববন্ধনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন, গণফোরাম নেতা আবদুল রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।