ঈদে ট্রেনের টিকিট

জ্বর গায়ে কাঁথা নিয়ে টিকিট কাটতে এসেছিলেন করিম

সারা রাত অপেক্ষার পর শনিবার সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হলে প্রথম টিকিট পান আবদুল করিম
ছবি: প্রদীপ সরকার

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট কাটতে গতকাল শুক্রবার রাতে জ্বর গায়ে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আসেন সিরাজগঞ্জের আবদুল করিম। চার থেকে পাঁচ দিন ধরে তাঁর জ্বর। সে জন্য সঙ্গে কাঁথা নিয়ে এসেছেন তিনি।

জ্বর নিয়ে টিকিট কাটতে কেন এসেছেন জানতে চাইলে আবদুল করিম বলেন, ‘অসুস্থ অবস্থায় না এসে আমার কোনো উপায় ছিল না। কারণ, আমার টিকিট কেটে দেবে—এমন কেউ নেই।’

রাতভর অপেক্ষার পর আজ শনিবার সকাল আটটায় টিকিট বিক্রি শুরু হলে আবদুল করিম প্রথম টিকিট পান।

সিরাজগঞ্জ সদরে গ্রামের বাড়ি আবদুল করিমের। টিকিট কাটার জন্য গতকাল রাত ১০টায় তিনি স্টেশনে আসেন। সিরাজগঞ্জের কাউন্টারে তিনি ছিলেন প্রথম ব্যক্তি। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।

পবিত্র ঈদু আজহা উপলক্ষে গতকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। গতকাল বিক্রি হয়েছে ৫ জুলাইয়ের টিকিট। আর আজ দ্বিতীয় দিন ৬ জুলাইয়ের টিকিট বিক্রি হচ্ছে।

সিরাজগঞ্জ টিকিট কাউন্টারে গতকাল রাত ১১টায় আসেন মনিরুল ইসলাম। তিনি ছিলেন এই কাউন্টারের দ্বিতীয় ব্যক্তি। মনিরুল ইসলাম বলেন, ‘করিম ভাই অসুস্থ, তাই সারা রাত ঘুমিয়েছেন। আমি জেগেছিলাম। আমি তাঁর সিরিয়াল ধরে রেখেছিলাম।’

সিরাজগঞ্জ বেলকুচির বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ‘আমি চারটি টিকিট কেটেছি। দুই বোন, ভাগনি ও আমি যাব। টিকিট পেয়েছি জানলে আমার ভাগনি যা খুশি হবে! চিৎকার দেবে।’

টিকিট কাটার জন্য শুক্রবার রাত ১০টায় স্টেশনে আসেন করিম। মাথার নিচে কাঁথা দিয়ে ঘুমিয়ে রাত পার করেছেন তিনি

কমলাপুর রেলস্টেশনে পুরো উত্তরাঞ্চলগামী আন্তনগর ও বী. মু. সি. ই. (পঞ্চগড়) ঈদ স্পেশাল ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে।

মোট ১০টি কাউন্টারের মধ্যে সিরাজগঞ্জের কাউন্টারের সামনে টিকিটপ্রত্যাশীদের চাপ তুলনামূলক কম।

আজ ঈদের টিকিট বিক্রির দ্বিতীয় দিনে স্টেশনে প্রথম দিনের তুলনায় ভিড় একটু বেশি। সিরিয়াল বজায় রাখতে রেলওয়ে পুলিশের তৎপরতাও বেশি।