ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা: গ্রেপ্তার ৪

ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার মতিঝিল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে হাতকড়া ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।র‌্যাব সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গোপন খবরের ভিত্তিতে র‌্যাব-৩-এর একটি দল ১১৪, মতিঝিল বাণিজ্যিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে মজনু, মনির, বাবুল মিয়া ও শাহ আলম নামের চার ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট, একটি হাতকড়া ও ‘সংবাদপত্র’ লেখা একটি প্ল্যাকার্ড উদ্ধার করা হয়। এ ছাড়া র‌্যাবের দলটি ওই প্রতারকদের কবল থেকে একটি মাইক্রোবাস উদ্ধার করে।