রোগীকে যৌন নির্যাতনের অভিযোগে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের বরখাস্ত হওয়া স্টাফ নার্স সাইফুল ইসলামকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সাইফুলকে গ্রেপ্তার করে গতকাল সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হাজির করার নির্দেশনা ছিল। তবে পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) ও গুলশান থানার ওসি গতকাল আদালতে হাজির হয়ে বলেন, সাইফুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এরপর এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ৬ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস বলেন, যৌন নির্যাতনের ওই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি মামলা করেছে। মামলার অগ্রগতি প্রতিবেদন ৬ জানুয়ারি দাখিলের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।