রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, চারজন হাসপাতালে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম। তিনি বলেন, রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে গুরুতর আহত ব্যক্তির মধ্যে জুম্মনের অবস্থা আশঙ্কাজনক।

আগুনে দগ্ধ সেমিনের বড় ভাই মাসুম হোসেন প্রথম আলোকে বলেন, রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকায় একজন মুক্তিযোদ্ধা মারা যান শনিবার দুপুরে। পরে তাঁর গোসল করানোর জন্য ওই মুক্তিযোদ্ধার বাসায় যান সেমিন, জুম্মনসহ অন্যরা। একপর্যায়ে জুম্মন আগরবাতি জ্বালালে হঠাৎ সেখানে বিস্ফোরণ হয়। এতে তাঁরা দুজনসহ কবির হোসেন ও মিরাজ হোসেন নামের দুজন দগ্ধ হন।

স্থানীয় সূত্রে জানা যায়, জুম্মন ইলেকট্রিক মিস্ত্রি। কবির হোসেন কাপড়ের ব্যবসা করেন। সেমিন মাদ্রাসায় লেখাপড়া করেন। মিরাজ হোসেন স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষে পড়েন।