চাঁদা না পেয়ে নবজাতক ছিনিয়ে নেওয়ার ‘হুমকি’, ৪ হিজড়া গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরা এলাকায় নবজাতকের পরিবারের কাছে চাঁদা দাবির অভিযোগে চার হিজড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার উত্তরার ৯ নম্বর সেক্টর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন আলো (২৮), শারমীন (২৩), মিম (৩০) ও রুমা (২৫)। চাঁদা দিতে অপারগতা জানানোয় তাঁরা নবজাতক ছিনিয়ে নেওয়ার হুমকি দেন বলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ।

উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানিয়েছে, ৬ আগস্ট উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি ভবনে এক ভাড়াটের কন্যাসন্তান হয়। এর মাস দুয়েক আগে ওই ভবনের আরেক ভাড়াটেরও কন্যাসন্তান হয়েছিল। ১১ আগস্ট দুই পরিবারের কাছে গিয়ে ২০ হাজার টাকা দাবি করেন হিজড়ারা। টাকা না দিলে সন্তান ছিনিয়ে নেওয়ার হুমকি দেওয়া হয়। তখন এক পরিবার তাঁদের তিন হাজার টাকা দেয়।

আজ ওই বাসায় গিয়ে আবার টাকা দাবি করেন হিজড়ারা। টাকা দিতে রাজি না হওয়ায় তাঁরা বাসার দরজায় লাথি মেরে এবং চিৎকার-চেঁচামেচি করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন। তখন পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে চার হিজড়াকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হিজড়াদের কাছ থেকে তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে। দ্রুত বিচার আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।