শাহজালাল বিমানবন্দরে সোনার বারসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ফিরোজ মিয়া
ছবি: সংগৃহীত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার বারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ফিরোজ মিয়া (৩৯)। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেপ্তার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ফিরোজের প্যান্টের ডান পকেট ছয়টি সোনার বার পাওয়া যায়, যার ওজন ৬৯৬ গ্রাম। উদ্ধার হওয়া সোনার বারের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

বিমানবন্দর এপিবিএন জানায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে ফিরোজ বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১-এর কার পার্কিংয়ের সামনে ঘোরাঘুরি করছিলেন। তাঁকে দেখে এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তাঁরা তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দেন। পরে তাঁকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তাঁর কাছে সোনার বার রয়েছে। পরে তাঁর প্যান্টের পকেট থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দর এপিবিএন জানায়, ফিরোজের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। তাঁকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।