পরিবার-পরিজন, বন্ধুবান্ধবের সঙ্গে ঈদের আনন্দ উদ্‌যাপন করতে অনেকেই আজ চিড়িয়াখানায় ঘুরতে গেছেন
পরিবার-পরিজন, বন্ধুবান্ধবের সঙ্গে ঈদের আনন্দ উদ্‌যাপন করতে অনেকেই আজ চিড়িয়াখানায় ঘুরতে গেছেন

ঈদের দিনে চিড়িয়াখানায় লাখো মানুষ

আপনজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে লাখো মানুষ রাজধানী শহর ছেড়েছেন। তারপরও নানা কারণে বহু মানুষ ঢাকায় রয়ে গেছেন। পরিবার-পরিজন, বন্ধুবান্ধবের সঙ্গে ঈদের আনন্দ উদ্‌যাপন করতে তাঁরা ঢাকার বিভিন্ন বিনোদনকেন্দ্রে ছুটেছেন। রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র মিরপুরের জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, ঈদ আনন্দ উদ্‌যাপন করতে চিড়িয়াখানায় প্রায় এক লাখ মানুষের আগমন ঘটেছে।

আজ ঈদের দিন সকাল নয়টায় চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শনার্থীরা চিড়িয়াখানায় প্রবেশ করতে পেরেছেন।

শিশুসন্তান ও স্ত্রীকে নিয়ে আজ চিড়িয়াখানায় ঘুরতে আসেন তৌফিক। তিনি বলেন, ঢাকায় ঘুরতে যাওয়ার মতো জায়গা কম। হাতেগোনা যে কয়েকটা জায়গা রয়েছে, তার মধ্যে চিড়িয়াখানা সেরা। এখানে ঘোরার জন্য বেশি জায়গা রয়েছে, পরিবেশও ভালো, তাই বাচ্চাসহ পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছি।

চিড়িয়াখানায় ঘুরতে এসে মানুষের ভিড়ে আজ ১০টি শিশু হারিয়ে গিয়েছিল। তাদের প্রত্যেককে পরে পাওয়া গেছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

চিড়িয়াখানায় প্রবেশ করতে হলে টিকিট কাটতে হয়। আর এই টিকিটের বিষয়টি দেখভাল করে ইজারাদার প্রতিষ্ঠান। কী পরিমাণ টিকিট কাটা হয়েছে, তা চিড়িয়াখানা কর্তৃপক্ষকেও জানায় না তারা।

চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বলেন, যে পরিমাণ দর্শনার্থী চিড়িয়াখানায় এসেছেন, দেখে মনে হয়েছে প্রায় এক লাখ হবে। সারা দিনের মধ্যে দুপুরে দর্শনার্থীর সংখ্যা সবচেয়ে বেশি ছিল।

ঢাকাসহ সারা দেশে কয়েক দিন ধরে টানা দাবদাহ চলেছে। তবে গতকাল শুক্রবার ঢাকায় বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে গরমের তীব্রতা কমেছে রাজধানী শহরে। আজ বিকেলেও ঢাকায় বৃষ্টি হয়েছে। ফলে শিশুসহ সব বয়সের মানুষের চিড়িয়াখানায় আগমনের ফলে যে ভোগান্তি হওয়ার কথা ছিল, তা তুলনামূলক কম হয়েছে।