
ঈদের আগের দিন শুক্রবার রাজধানীর মতিঝিলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নওসিন আক্তার (২১) মারা যান। এর এক দিন যেতেই সেই মোটরসাইকেলের অপর আরোহী রাহাত হোসেনের (২৫) অস্বাভাবিক মৃত্যু হলো। আজ রোববার সকালে পুলিশ খিলগাঁওয়ের বাসা থেকে রাহাতের লাশ উদ্ধার করে।
রোববার ভোর পাঁচটার পর এ ঘটনা ঘটে। খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহা জানান, ময়নাতদন্তের জন্য রাহাতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। রাহাত রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন।
গত শুক্রবার মতিঝিলে ট্রাকের ধাক্কায় রাহাতের বন্ধু নওসিন আক্তার মারা যান। মতিঝিল থানার এসআই মোজাহারুল ইসলাম বলেন, নওসিন ও রাহাত মোটরসাইকেলে করে ওয়ারী যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের কাছ দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দুজন ছিটকে পড়ে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নওসিনকে মৃত ঘোষণা করেন।
রাহাতের পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা সুজিত বলেন, শুক্রবারের এ ঘটনার পর থেকে বিমর্ষ ছিলেন রাহাত। তদন্ত শেষে জানা যাবে, কী কারণে ও কীভাবে তাঁর অস্বাভাবিক মৃত্যু হলো।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, শুক্রবার প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন রাহাত। গতকাল রাতে স্বাভাবিকভাবে ঘুমাতে যান। কিন্তু সকালে তাঁর ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
রাহাতের মা শাহিনুর প্রথম আলোকে বলেন, সকালে রাহাতের নিথর দেহ দেখতে পেয়ে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করলে লাশ বাসায় নিয়ে এসে পুলিশকে খবর দেওয়া হয়।