গাবতলীর পশুর হাট

‘দুই ঘণ্টা বৃষ্টিতে ভিইজাও খাড়াইয়া আছি, বেচতে পারতেছি না’

বৃষ্টির মধ্যে রাজধানীর গাবতলীতে সকালের দিকে গরুর হাটে বিক্রেতা কম দেখা গেছে
ছবি: প্রথম আলো

রাজধানী ঢাকায় গত মঙ্গলবার রাতভরই কমবেশি বৃষ্টি ছিল। সকাল থেকে সেই বৃষ্টির তীব্রতা কখনো বাড়ছে, কখনোবা একটু কমছে। এ কারণে হাটগুলোয় ক্রেতাদের সমাগম তেমন হচ্ছে না। এমন আবহাওয়ায় ক্রেতাদের আকৃষ্ট করে নিজেদের আনা কোরবানির পশু বিক্রির আশায় হাটের সীমানা ছেড়ে রাস্তায় চলে এসেছেন ব্যবসায়ী ও পাইকারেরা।

আজ বুধবার পবিত্র ঈদুল আজহার আগের দিন সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর গাবতলীর পশুর হাটে গিয়ে এমন চিত্র দেখা গেছে। পাইকারেরা হাটের বাইরে এসে বৃষ্টিতে ভিজে গরু নিয়ে গাবতলী-বেড়িবাঁধ সড়কে দাঁড়িয়ে ছিলেন। এর মধ্যেই হাটে যাওয়া কোনো ক্রেতাদের দেখলে ডেকে ডেকে সঙ্গে থাকা গরু কিংবা ছাগলের দাম বলে আকৃষ্ট করার চেষ্টা করছিলেন।

ছোট আকারের দুটি গরু নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন ঝিনাইদহের ব্যবসায়ী আকবর আলী। তিনি বলেন, ‘হাটের ভেতরে কাস্টমার নাই। তাই রাস্তায় চইলা আইছি। দুই ঘণ্টা বৃষ্টিতে ভিইজাও খাড়াইয়া আছি। কিন্তু বেচতে পারতেছি না।’

সকাল ১০টার দিকে গাবতলী এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। ঈদের আগের দিন ক্রেতাদের উপস্থিতি আর কোরবানির পশুর দরদাম নিয়ে হাট যেমন সরগরম থাকার কথা, তেমনটা ছিল না। তবে কিছু কিছু ক্রেতাদের বৃষ্টির মধ্যেও কোরবানির পশু পছন্দ ও দর-কষাকষি করতে দেখা গেছে। অনেকে আবার বৃষ্টির মধ্যেই গরু কিনে ঘরে ফিরছিলেন।

আদাবর এলাকার বাসিন্দা লিয়াকত আলী ১ লাখ ৩৫ হাজার টাকায় একটি মাঝারি আকারের গরু কেনেন। দাম নিয়ে তিনি বলেন, ‘গরুর সঙ্গে দামটাও পছন্দ হয়েছে। খুব বেশি দর-কষাকষি করতে হয়নি। দাম চাওয়া হয়েছিল দেড় লাখ টাকা। আমি ১ লাখ ৩০ হাজার টাকা বলেছিলাম। বিক্রেতা আরও ৫ হাজার দিতে বলল। গরু পছন্দ হওয়ায় আর “না” করিনি।’

হাটের মধ্যে ক্রেতা না থাকায় গরু বাইরে নিয়ে এসেছেন বিক্রেতারা

গরু কেনার পরে হাটের ইজারাদারকে ৫ শতকরা হারে হাসিল পরিশোধ করতে হয়। হাটে ক্রেতা বেশি থাকলে এবং বেচাবিক্রি বেশি হলে এসব হাসিল ঘরের সামনে পাইকার ও ক্রেতাদের ভিড় থাকে। কিন্তু আজকে হাসিল ঘরের সামনে ভিড় ছিল না। কোনো কোনো হাসিলঘরের সামনের অংশ একেবারেই ফাঁকা ছিল। বৃষ্টির মধ্যে মুঠোফোনে সময় কাটাচ্ছিলেন হাসিল আদায়কারীদের অনেকেই।

গাবতলী হাটের হাসিল আদায়ের ৯ নম্বর বুথের কর্মী সজীব শীল প্রথম আলোকে বলেন, সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত তিনি ২৬টি গরু বিক্রির হাসিল আদায়ের স্লিপ কেটেছেন। ওই বুথে হাসিল আদায়ের থাকা বাকি ৭-৮ জন মিলে প্রায় দেড় শ গরুর স্লিপ কাটতে পেরেছেন। ক্রেতার উপস্থিতি একেবারে কম বলেও মন্তব্য করেন তিনি।

হাটে যাওয়া কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, পশুর দাম কমাতে শুরু করেছেন ব্যবসায়ী ও পাইকারেরা। গত দুই দিনের তুলনায় ৩০ থেকে ৪০ হাজার টাকা কমে গেছে। আগে মাঝারি আকারের যেসব গরুর জন্য দাম চাওয়া হচ্ছিল ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ ২০ হাজার টাকা, ওগুলো আজকে দেড় লাখ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা চাওয়া হচ্ছে। বিক্রি হচ্ছে ১ লাখ ৩০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে। আর ছোট আকারের গরুগুলো লাখ টাকা থেকে কমে ৭০ থেকে ৮০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।

সাড়ে তিন মণ ওজনের একটি গরু নিয়ে ঘরে ফিরছিলেন মিরপুর টোলারবাগের বাসিন্দা সায়েম খান। তিনি বলেন, দুই দিন আগেও এমন আকারের গরুর জন্য দাম চাওয়া হয়েছিল ১ লাখ ২০ হাজার টাকা। আজকে কিনলাম ৯০ হাজার টাকায়। গরুর দাম কিছুটা কমেছে বলেও মনে করছেন তিনি।

গাবতলীর হাটে ১২টি গরু নিয়ে এসেছিলেন সিঙ্গাইরের ব্যবসায়ী রাব্বি হোসেন। সকালে বললেন, এখনো তাঁর ৬টি গরু অবিক্রীত রয়েছে। তিনি বলেন, ‘দাম আর কী চাইতাম? বাকি গরু বেচা দিয়া হইল এহন আসল কথা। কিনা দামে বেচতে পারলেই এহন বাঁচি।’

গাবতলীর হাটে আজও ছোট ও মাঝারি আকারের গরুগুলোই বেশি বিক্রি হতে দেখা গেছে। হাটে প্রবেশের প্রধান ফটকের যে পাশে আকারে বড় আকৃতির গরুগুলো বিক্রির জন্য রাখা হয়, সেখানে এখনো প্রচুর গরু দেখা গেছে।
কালো রঙের প্রায় ২৫ মণ ওজনের ‘শান্ত বাবু’ নামের গরুটি সাভারের ধামরাই থেকে বিক্রির জন্য এনেছিলেন খামারি মজনু মিয়া। প্রথমে ওই গরুর জন্য তিনি ১০ লাখ টাকা চেয়েছিলেন। এখন চাইছেন সাড়ে ৮ লাখ টাকা।

সকালে মজনু মিয়া প্রথম আলোকে বলেন, ক্রেতারা অর্ধেক দামও বলছে না। এখন পর্যন্ত চার লাখ টাকা দাম উঠেছে। ছয় লাখ টাকা হলেও বিক্রির ইচ্ছা আছে।

এদিকে বৃষ্টির মধ্যে হাটে বেচাবিক্রি কম হওয়ায় পশু পরিবহনের কাজে ভাড়ায় ব্যবহৃত ছোট ট্রাক ও পিকআপচালকদেরও অলস বসে থাকতে দেখা গেছে। বৃষ্টির মধ্যে তাঁরা রাস্তায় গাড়ি পার্কিং করে বসে ছিলেন। এতে গাবতলী-বেড়িবাঁধ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।