জলাবদ্ধতা ৭০ থেকে ১০ ভাগে নেমে এসেছে, দাবি মেয়র তাপসের

রাজধানীর বংশাল এলাকার ৩২ নম্বর ওয়ার্ডে সামসাবাদ খেলার মাঠের উদ্বোধন করেন মেয়র তাপস
ছবি: সংগৃহীত

সময়োপযোগী পদক্ষেপের কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার জলাবদ্ধতা ৭০ থেকে ১০ ভাগে নেমে এসেছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘২০২০ সালেও একটু বৃষ্টি হলে শহর প্লাবিত হয়ে যেত। মনে হতো বন্যা হয়ে গেছে। সেখান থেকে আমরা জলাবদ্ধতা ১০ ভাগে নিয়ে এসেছি।’

আজ বুধবার সকালে রাজধানীর বংশাল এলাকার ৩২ নম্বর ওয়ার্ডে সামসাবাদ খেলার মাঠের উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মেয়র শেখ ফজলে নূর তাপস এ তথ্য জানান।

জলমগ্ন পরিস্থিতির উন্নতি ঘটেছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, ‘বর্ষা মৌসুমে বড় দুশ্চিন্তা অবশ্যই জলমগ্নতা ও জলাবদ্ধতা। ২০২০ সালে দায়িত্ব নেওয়ার সময় খাল, নর্দমাগুলো আমাদের দায়িত্বে ছিল না। তখন অল্প বৃষ্টিতেই ঢাকা শহরের ৭০ ভাগ এলাকা জলমগ্ন হয়ে যেত, প্লাবিত হতো। পরে খাল ও নর্দমাগুলো সিটি করপোরেশনকে হস্তান্তর করা হয়। এরপর আমরা ১৩৬টি স্থান নির্ধারণ করে প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করেছি। ফলে জলাবদ্ধতা ১০ ভাগে নেমে এসেছে। কিছু কিছু বিচ্ছিন্ন জায়গা ছাড়া এখন আর জলমগ্নতা নেই।’

যেসব কাজ চলমান, সেগুলো শেষ হলে আগামী মৌসুমে আর জলাবদ্ধতা থাকবে না বলেও আশ্বাস দেন মেয়র শেখ তাপস।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, ‘আমাদের লক্ষ্য একটি উন্নত রাজধানী, উন্নত ঢাকা গড়ায় ওয়ার্ডভিত্তিক পর্যাপ্ত খেলার মাঠ, উদ্যানের ব্যবস্থা করা। উন্মুক্ত জায়গার ব্যবস্থা করা। যেখানে ছেলেমেয়েরা খেলতে পারবে, মুরব্বিরা হাঁটতে পারবেন এবং একটু নির্মল বাতাস উপভোগ করতে পারবেন, একটু সবুজায়ন থাকবে।’ এ সময় মেয়র শেখ তাপস সামসাবাদ খেলার মাঠের হাঁটার পথসংলগ্ন (ওয়াক ওয়ে) জায়গায় একটি পলাশগাছের চারা রোপণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিম, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।