
রাজধানীর একটি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীকে ধর্ষণের পর খুনের দায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামি হলেন তরিকুল ইসলাম। তিনি ভুক্তভোগী কলেজশিক্ষার্থীর মামাতো ভাই।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫–এর বিচারক শামসুন নাহার আজ বৃহস্পতিবার এই রায় দেন।
প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আলী আসগর স্বপন।
মামলার কাগজপত্রের তথ্য বলছে, ভুক্তভোগী কলেজশিক্ষার্থীর মা–বাবা দুজনই বিদেশে থাকতেন। ওই শিক্ষার্থী রাজধানীর পল্লবীতে মামার বাসায় থাকতেন। একই বাসায় স্ত্রীসহ থাকতেন মামাতো ভাই তরিকুল। চার বছর আগে ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি সকালে বাসায় কেউ ছিল না। এই সুযোগে তরিকুল কলেজশিক্ষার্থীকে ধর্ষণ করেন। পরে সবাইকে এই কথা বলে দেওয়ার হুমকি দিলে তরিকুল তাঁকে গলা টিপে শ্বাস রোধ করে হত্যা করেন।
অভিযোগপত্রের তথ্য বলছে, খুনের পর লাশ গুম করার চেষ্টায় পাতলা কাঁথা দিয়ে লাশ মুড়িয়ে ফেলেন তরিকুল। পরে মিরপুর ১১ নম্বর সোসাইটি মার্কেটে গিয়ে একটি কালো ব্যাগ ও তালা কেনেন। পরে মরদেহ কাঁথা দিয়ে জড়িয়ে ব্যাগে ভরেন। সেটা একটি সিএনজিতে করে নিয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কাছে চলে যান। কিন্তু নামার সময় দেখতে পান, ব্যাগের চেইন ছিঁড়ে গেছে। ধরা পড়ার ভয়ে ফুটপাতের এক ফলের দোকানিকে ব্যাগটা দেখে রাখার কথা বলে সটকে পড়েন। পরে বিমানবন্দর রেলস্টেশনের এলাকায় কালো ব্যাগ থেকে কলেজশিক্ষার্থীর লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পরে তরিকুলের মা-বাবা, স্ত্রীসহ পরিবারের সদস্যদের থানায় ডেকে নেয় রেলওয়ে থানা–পুলিশ।
তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে তরিকুলের জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ। তরিকুল অপরাধের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ৩০ আগস্ট তরিকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে রেলওয়ে পুলিশ। রাষ্ট্রপক্ষে ২৪ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়।