ঈদের কেনাকাটায় সন্তানের পছন্দকে অভিভাবকেরা অগ্রাধিকার দেন। গত বৃহস্পতিবার রাজধানীর পান্থপথের একটি বিপণিবিতানে
ঈদের কেনাকাটায় সন্তানের পছন্দকে অভিভাবকেরা অগ্রাধিকার দেন। গত বৃহস্পতিবার রাজধানীর পান্থপথের একটি বিপণিবিতানে

শিশুদের ঈদের কেনাকাটা

ঝলমলে পোশাকের খোঁজে

আরিবা ইকরামের বয়স মাত্র ২ বছর ৪ মাস। খেলনাসহ চারপাশের নানান কিছুতে মনোযোগ তার। শুধু জামার কাছাকাছি তাকে নেওয়া যাচ্ছে না। মনোয়ারা লাইজু মেয়ের গায়ে ধরে ঈদের জামার মাপ নিতে গিয়ে শীতাতপনিয়ন্ত্রিত শোরুমেও প্রায় ঘেমে গেছেন। কিন্তু ঈদ বলে কথা। যে করেই হোক মেয়ের জন্য একটা সুন্দর জামা কিনতেই হবে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনশ্রীর বাসিন্দা মনোয়ারা লাইজু মেয়ের ঈদের জামা কিনতে এসেছিলেন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের দেশী দশের আউটলেট দেশালে। জানালেন, মেয়ের বাবা দেশের বাইরে থাকেন। তাই মেয়ের ঈদের পোশাক কেনার পুরো ঝক্কি তাঁকেই সামলাতে হচ্ছে।

মোহাম্মদপুর, ধানমন্ডিসহ বিভিন্ন জায়গার ঈদবাজার ঘুরে পাওয়া গেল অন্য চিত্র। কিশোর-কিশোরী ছেলেমেয়েদের নিয়ে অভিভাবকদের অন্য রকম ঝক্কি সামলাতে হচ্ছে। তাদের পছন্দের সঙ্গে অভিভাবকদের পছন্দের আকাশ-পাতাল তফাত। পছন্দ হলে মাপে মেলে না, আবার দামেও মেলে না।

সারা লাইফস্টাইলের সহযোগী ব্র্যান্ড ঢেউ টিনএজ বা কিশোর, বিশেষ করে কিশোরীদের জন্য ওয়েস্টার্ন বা পাশ্চাত্য ধাঁচের পোশাক বাজারে এনেছে। এর প্রতিষ্ঠাতা পরিচালক সারাফ সাইয়ারা বলল, ‘আমি যেহেতু নিজেও কিশোরী, তাই বুঝতে পারি অন্যরা আসলে কোন পোশাকটা পছন্দ করবে। পোশাকটা শার্ট, টপ, জিনস যা–ই হোক তা ট্রেন্ডি হবে, একই সঙ্গে আরামদায়ক, আবার দামও খুব বেশি হলে চলবে না—এগুলো মাথায় রেখেই পোশাকের ডিজাইন করছি।’

রাজধানীতে দেশালের বিভিন্ন শোরুমে ঝুলছে বিড়াল মাসি, বাঘ মামা—এ ধরনের নাম দিয়ে শিশুদের জন্য উজ্জ্বল রঙের সুতি কাপড়ে বাহারি পোশাক। একইভাবে নগরদোলা বাজারে এনেছে শিশুদের ফ্রক, সালোয়ার–কামিজ, শাড়ি, ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্টসহ বিভিন্ন পোশাক।

শিশুদের ঈদপোশাকটি আরামের পাশাপাশি তা দেখতে যাতে একটু ঝলমলে হয়, সেদিকেও নজর দিয়েছেন বলে জানালেন ফ্যাশন হাউস বিশ্বরঙ–এর স্বত্বাধিকারী ও প্রধান ডিজাইনার বিপ্লব সাহা। তাঁর ডিজাইন করা পোশাকের কোনোটার স্কার্টে হরেক রঙের প্রজাপতি পাখনা মেলেছে, আবার কোনোটাতে প্রাধান্য পেয়েছে পাশ্চাত্য ধাঁচের নকশা।

বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিভিন্ন তলায় শিশুদের পোশাকের শোরুমে ঢুঁ দিয়ে দেখা গেল, ভারত, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে আনা শিশু, বিশেষ করে মেয়েশিশুদের ঝকমকে কারুকাজের পোশাক বিক্রি হচ্ছে। পা পর্যন্ত লম্বা গাউনের সঙ্গে বুকের কাছে শাড়ির আঁচলের মতো করে ঝালর লাগানো একটি পোশাক দেখিয়ে রিদজানিয়া শোরুমের বিক্রয়কর্মী হৃদয় শিকদার জানালেন, এ পোশাকের নাম নায়রা। এবার ঈদে এটাই বেশি চলছে। এ পোশাকের জন্য ২০ হাজার টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা।

রাজধানীর একটি বিপণিবিতানে পছন্দের পোশাক খুঁজছে শিশুটি

তবে দোকান পাল্টাতেই দেখা গেল, বিক্রেতারা অন্য একটি ফ্রক নায়রা নামে বিক্রি করছেন। সোহাগ পাঞ্জাবি অ্যান্ড গার্মেন্টসের বিক্রেতা মো. পলাশ জানালেন, এবার শিশুদের পোশাকের দাম বেশ বাড়তির দিকে। সারারা, ঘারারা, লং গাউনসহ বিভিন্ন নাম দেওয়া মেয়েদের পোশাকের সর্বনিম্ন দাম সাড়ে তিন হাজার টাকা। এক বছর বয়সী বাচ্চার লাল রঙের একটি বার্বি গাউন কিনতেও লেগে যাচ্ছে প্রায় তিন হাজার টাকা।

বাজার ঘুরে দেখা গেল, তুলনামূলকভাবে ছেলেশিশুদের পোশাকের দাম কিছুটা কম। তিন হাজার টাকার মধ্যে সিকুয়েন্সের গেঞ্জি, প্যান্ট কিনতে পারছেন অভিভাবকেরা।

তবে ঈদে ছেলেমেয়েদের কেনাকাটায় বাজেটের কথা চিন্তা করলে চলে না, বললেন কয়েকজন অভিভাবক। রাজধানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন মরিয়ম বানু। তাঁর ভাইয়ের মেয়ে আমিরা ফাতিমা হাসানের বয়স দুই বছরের কাছাকাছি। মরিয়ম বানু সায়েন্স ল্যাবের আড়ং থেকে ভাতিজির জন্য একটি আনারকলি পোশাক কিনেছেন। এলিফ্যান্ট রোড থেকে জামার সঙ্গে মিলিয়ে কিনেছেন গোলাপি জুতা। সঙ্গে ক্লিপ, মালাও আছে।

বসুন্ধরা শপিং কমপ্লেক্সের হলিউড নামের শোরুমে কথা হলো মহাখালী থেকে আসা মো. আলমগীর হোসেনের সঙ্গে। ১২ বছর আর ৫ বছর বয়সী দুই ছেলের পোশাক কিনতে এসেছিলেন। ছেলেদের জন্য দুটি করে মোট চার সেট গেঞ্জি, টি–শার্ট আর প্যান্ট কিনলেন ১২ হাজার ৫০০ টাকায়। যাত্রাবাড়ী থেকে মাইশা ওয়ার্ল্ডে কেনাকাটা করতে আসা সেলিম হোসেন মোল্লা ১১ ও ৭ বছর বয়সী দুই মেয়ের জামা কিনলেন প্রায় ২০ হাজার টাকা দিয়ে। বললেন, ‘মেয়েদের পছন্দ হয়েছে, তাই বাজেটের কথা চিন্তা করিনি।’

তবে সার্বিকভাবে মোহাম্মদপুর, উত্তরা, ধানমন্ডি এবং বসুন্ধরা শপিং কমপ্লেক্সের একাধিক শোরুমের মালিক ও বিক্রেতারা বলছেন, ঈদের বাজারের এবারের বিক্রির অবস্থা বিশেষ ভালো নয়। সোহাগ পাঞ্জাবি অ্যান্ড গার্মেন্টসে শুধু শিশুদের পোশাক বিক্রি হয়। মালিক মো. মানিক জানালেন, ঈদের জন্য প্রায় দুই কোটি টাকার মালামাল দোকানে তুলেছেন। বৃহস্পতিবার পর্যন্ত ১৫ লাখ টাকার পোশাক বিক্রি হয়েছে। ঈদে ছেলেবাচ্চাদের পাঞ্জাবি বিক্রির আশায় দেড় লাখ টাকার শুধু পাঞ্জাবিই কিনেছিলেন। এখন এই পাঞ্জাবি দিনে দুইটাও বিক্রি হচ্ছে না।