মডার্ন মার্কেটিং কনক্লেভ ২০২৩ অনুষ্ঠিত

মডার্ন মার্কেটিং কনক্লেভ ২০২৩-এর সমাপনী আয়োজনে অতিথিরা
ছবি: সংগৃহীত

কটলার ইমপ্যাক্ট ও নর্দান এডুকেশন গ্রুপের যৌথ আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে মডার্ন মার্কেটিং কনক্লেভ ২০২৩। গত সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলের বলরুমে এ আয়োজন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সভাপতিত্ব করেন নর্দান এডুকেশন গ্রুপের প্রেসিডেন্ট এবং ওয়ার্ল্ড মার্কেটিং সামিট গ্রুপের গ্লোবাল উপদেষ্টা আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

অন্যদিকে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, কটলার ইমপ্যাক্টের সিএমও ফাহিম কিবরিয়া এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে আধুনিক মার্কেটিংয়ের জনক ফিলিপ কটলারের বই ‘অ্যাসেনশিয়ালস অব মডার্ন মার্কেটিং’-এর মোড়ক উন্মোচন করা হয়। অনলাইনে যুক্ত ছিলেন ফিলিপ কটলার। এই বইয়ের সহলেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

অনুষ্ঠানের শেষ অংশে পাঁচজন বিজনেস লিডারকে সম্মাননা দেওয়া হয়। এ সময় সম্মাননা গ্রহণ করেন মেঘনা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমগীর, টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, ইস্টার্ণ ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক এবং শেয়ারট্রিপের প্রতিষ্ঠাতা সাদিয়া হক।