সরকারি বাঙলা কলেজের সামনে সংঘর্ষ

মারধরের অভিযোগে মামলা, বাদী বলছেন তাঁকে কেউ মারেনি

সরকারি বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় হামলা হয়
 প্রথম আলো ফাইল ছবি

ঢাকায় মিরপুরে সরকারি বাঙলা কলেজে মঙ্গলবার পাল্টাপাল্টি হামলার ঘটনায় ১৮৮ জনের বিরুদ্ধে দারুসসালাম থানায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলার বাদী কলেজের অফিস সহকারী মাহিদুর রহমান। তবে তিনি বুধবার প্রথম আলোকে বলেন, হামলাকারীদের তিনি দেখেননি। কেউ তাঁকে মারধর কিংবা কোনো হুমকিও দেননি। মামলা কে বা কারা লিখেছেন, তা-ও তিনি জানেন না। অধ্যক্ষ তাঁকে থানায় গিয়ে সই দিয়ে আসতে বলেছেন, তিনি তা-ই করেছেন।

মঙ্গলবার মধ্যরাতে কলেজের আবাসিক এক ছাত্র ও অফিস সহকারী মাহিদুর রহমান বাদী হয়ে মামলা দুটি করেন।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বুধবার প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একটি মামলার আসামি ১০ জন ও একটি মামলায় আটজন। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা দুটির এজাহার বিশ্লেষণ করে দেখা যায়, আসামিরা বিএনপি, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দারুসসালাম, শাহ আলী, মিরপুর, পল্লবী, রূপনগর ও কাফরুলের থানা ও ওয়ার্ড কমিটির বিভিন্ন স্তরের নেতা-কর্মী।

মাহিদুর রহমানের করা মামলায় ১০৯ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৩৯১ জনকে আসামি করা হয়েছে।

মামলায় বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পদযাত্রা চলাকালে ‘বেআইনি জনতা’ দলবদ্ধ হয়ে সরকারি বাঙলা কলেজের ১ নম্বর ও ২ নম্বর গেট ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে মাহিদুর রহমানকে মারধর করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তাঁর চিৎকারে কলেজের ছাত্র-ছাত্রীরা এগিয়ে এলে বিবাদীরা মাহিদুর রহমানকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে চলে যান। মাহিদুর স্থানীয় লোকজনের সহায়তায় স্থানীয়ভাবে চিকিৎসা নেন। এ ছাড়া ইটপাটকেল ছুড়ে কলেজের ৭ ও ৮ নম্বর ভবনের ও তথ্যকেন্দ্রের কাচ ভাঙচুর করে ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয় এবং কলেজের এক কর্মচারীর একটি মোটরসাইকেল পুড়িয়ে ২০ হাজার টাকা ক্ষতিসাধন করা হয়।

বুধবার বিকেলে এ ব্যাপারে জানতে চেয়ে যোগাযোগ করা হলে মাহিদুর রহমান প্রথম আলোকে বলেন,  ‘ঘটনার সময় অফিসে ছিলাম। কারা কেন ভেতরে ঢুকেছে, তা আমি জানি না। মঙ্গলবার অফিসে এত কাজের চাপ ছিল, আমি বেরই হতে পারিনি। হামলাকারীদের সঙ্গে আমার দেখা হয়নি, আমাকে কেউ মারধর কিংবা কোনো হুমকিও দেননি। মামলা কে বা কারা লিখেছেন, তা-ও আমি জানি না। কাদের  আসামি করা হয়েছে, তা-ও আমি জানি না। প্রিন্সিপাল স্যার বলেছেন থানায় গিয়ে সই দিয়ে আসতে, সেইভাবে মঙ্গলবার রাতে আমি থানায় গিয়ে সই দিয়ে আসছি।’

তবে অধ্যক্ষের ফোন নম্বরে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

মামলার অপর বাদী রুবেল হোসেন সরকারি বাঙলা কলেজ শাখার ছাত্রলীগের নেতা। তিনি থাকেন কলেজের পাশে প্রিন্সিপাল আবুল কাশেম হলে।

রুবেলের করা মামলায়, ৭৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, হামলাকারীরা বাঁশ, কাঠের লাঠি দিয়ে রুবেলসহ তিনজনকে আহত করেন। তোফাজ্জল নামের আরেক শিক্ষার্থীর মাথায় চাপাতি দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়। এ ছাড়া রুবেলের একটি মোটরসাইকেল ও সাদ্দাম হোসেন নামের এক শিক্ষার্থীর আরেকটি মোটরসাইকেলে আগুন দেন।  

বুধবার বিকেলে এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে রুবেল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি একটি প্রোগ্রামে আছি। এ নিয়ে পরে কথা বলব।’ এরপর রাত সাড়ে নয়টা পর্যন্ত তাঁকে তিনবার কল করা হলেও তিনি ধরেননি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে গাবতলী থেকে শুরু হওয়া পদযাত্রাটি মিরপুর বাঙলা কলেজ এলাকা দিয়ে যাওয়ার সময় কলেজের ভেতর থেকে ঢিল ছোড়া হয়। তখন পদযাত্রা থেকে বিএনপির কিছু নেতা-কর্মী কলেজের গেটে ভাঙচুর করেন এবং সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। তবে এ ঘটনার পরও পদযাত্রাটি থামেনি, সামনে এগিয়ে যায়।

পদযাত্রাটির শেষাংশ বাঙলা কলেজের সামনে এলে আবার কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছোড়া হয়। দুই পক্ষের মধ্যে অল্প সময়ের এই সংঘর্ষের মধ্যেই পদযাত্রার সামনের অংশ এগিয়ে যায়।