সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

উত্তরায় বিশ্বকাপের ম্যাচ দেখে ফেরার পথে বাসের ধাক্কায় দুই সাংবাদিক নিহত

রাজধানীর উত্তরায় দূরপাল্লার একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত হয়েছেন। তাঁরা বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফিরছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বুধবার গভীর রাতে রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনের বিআরটি লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু (৫০) ও সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান (৪০)।

পুলিশ বলছে, গতকাল দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা–ইংল্যান্ডের ম্যাচ ছিল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়ভাবে পুলিশ জানতে পেরেছে, এই দুই সাংবাদিক উত্তরা প্রেসক্লাবে বড় পর্দায় ম্যাচটি দেখেন। ম্যাচ শেষে তাঁরা মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। তাঁরা বিআরটি লেন দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দূরপাল্লার একটি বাস মোটরসাইকেলটিকে জোরে ধাক্কা দেয়। এ ঘটনায় দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর আহত দুজনকে উদ্ধার করে প্রথমে উত্তরা মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। পরে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানে পরীক্ষা–নিরীক্ষা শেষে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ প্রথম আলোকে বলেন, ‘বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলসহ আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় দুর্ঘটনার সুনির্দিষ্ট ফুটেজ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিআরটি লেনের অন্য কোনো স্থানে সিসিটিভি ক্যামেরা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর প্রথম আলোকে বলেন, ‘পুলিশের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়া দুজনের মরদেহ নিয়ে গেছেন স্বজনেরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

রবিউলের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। বাবার নাম মো. শিহাব উদ্দিন মোল্লা। সাকিবুলের গ্রামের বাড়ি ভোলার দৌলতখান উপজেলায়। তাঁর বাবার নাম মো. নুর ইসলাম।