প্রিমিয়ার ব্যাংকে চলছে করপোরেট বইমেলা

বইমেলায় বই কিনছেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের কর্মীরা। প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়, ইকবাল সেন্টার, বনানী, ১৯ জুলাই
ছবি: প্রথম আলো

নাগরিক ব্যস্ততার মধ্যেও দেশের সব অফিসকে বই পড়া ও কেনায় উদ্বুদ্ধ করার ধারাবাহিকতায় দেশের বেসরকারি খাতের স্বনামধন্য ব্যাংক প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে শুরু হয়েছে করপোরেট বইমেলা। প্রথম আলোর সার্কুলেশন বিভাগের উদ্যোগে এ মেলার আয়োজন করেছে বই বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম প্রথমা ডটকম।

দুই দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে বুধবার। মেলার প্রথম দিনে রাজধানীর বনানীতে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে। সারা দিনই মেলার স্টলে পাঠকদের ভিড় লেগে ছিল। তাদের আগমনে মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।

বই কেনা শেষে প্রথম আলো ও প্রথমা ডটকমের কর্মীদের সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তারা। প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়, ইকবাল সেন্টার, বনানী, ১৯ জুলাই

বইমেলা উদ্বোধনকালে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম বলেন, ‘একটি জাতির মেধা, মনন ও সংস্কৃতির বৈচিত্র্য জানার ও বোঝার অন্যতম মাধ্যম হলো বই। কাজের ফাঁকে, মানসিক বিষণ্নতা দূর করতেও বই পড়া দারুণ কার্যকরী। সম্প্রতি বই পড়ার হার কমছে, যা উদ্বেগজনক।’ এমন সময়ে মেলা আয়োজন করায় প্রথম আলো ও প্রথমা ডটকম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

ব্যাংকের ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস প্রধান মো. তারেক উদ্দিন বলেন, জ্ঞানচর্চার জন্য ভালো ভালো লেখকের বই পড়তে হবে। অশিক্ষাকে প্রতিরোধ ও প্রতিকার করার একমাত্র হাতিয়ার বই। সমৃদ্ধ সমাজ গড়তে বই পড়ার বিকল্প নেই। তাই বইমেলার আয়োজন করায় প্রথম আলো এবং প্রথমা ডটকমকে ধন্যবাদ।

বইমেলায় বই দেখছেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের কর্মীরা। প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়, ইকবাল সেন্টার, বনানী, ১৯ জুলাই

প্রথম আলোর সার্কুলেশন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন রওনক বলেন, ‘প্রথম আলো ও প্রথমা ডটকম খুবই আনন্দিত ও গর্বিত যে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক প্রিমিয়ার ব্যাংকে আমরা এই বইমেলা আয়োজন করতে পারছি। ব্যাংক কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পাশে থাকার জন্য।’ তিনি জানান, দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানগুলোর বইপ্রেমী কর্মকর্তাদের কাছে মানসম্মত বই আরও সহজে পৌঁছানোর উদ্দেশ্যে তাঁদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।