আইসিইউর জন্য ছোটাছুটি, চাঁদা তুলে চিকিৎসা, সব ব্যর্থ হলো

মানিক হোসেনের স্ত্রী, দুই সন্তান ও মা (ডানে)। স্ত্রী সাবিনা ইয়াসমিনের অসহায় প্রশ্ন, এখন শিশুসন্তানেরা কীভাবে বড় হবে?
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের তিন দিন পর গত মঙ্গলবার রাজধানীতে ফাঁকা রাস্তায় দ্রুতগতির মোটরসাইকেলের চাপায় গুরুতর আহত হন মো. মানিক হোসেন (৩৩)। এরপর তাঁকে নিয়ে কয়েক ঘণ্টায় তিন হাসপাতালে ছোটাছুটি করেন স্বজনেরা। সরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা না পেয়ে দালালের মাধ্যমে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চাঁদা তুলে চিকিৎসা শুরু হয় মানিকের। একজন নারী উদ্যোক্তার উদ্যোগে দুর্ঘটনার দুই দিন পর সরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তির সুযোগ পান মানিক।

গুরুতর রোগীর প্রাণ বাঁচানোর লড়াইয়ে প্রতি সেকেন্ড যেখানে মহামূল্যবান, সেখানে ঘণ্টার পর ঘণ্টা হাসপাতাল থেকে হাসপাতালে মানিককে নিয়ে ঘুরেছেন স্বজনেরা। তবে মানিক বাঁচেননি। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মানিক পেশায় রিকশাচালক ছিলেন। গত শুক্রবার বিকেলে রাজধানীর হাজারীবাগের গজমহলে মানিকের মায়ের বাসায় গিয়ে দেখা গেল, সরু গলির ভেতর এক কক্ষের ঘরের ভেতর ও সামনের অপ্রশস্ত বারান্দায় স্বজন ও প্রতিবেশীদের ভিড়। মেঝেতে হতবিহ্বল হয়ে বসে রয়েছেন মানিকের স্ত্রী সাবিনা ইয়াসমিন ও মা পারুল বেগম। মানিকের পাঁচ বছর বয়সী ছেলে মো. ইয়াসিন মায়ের আশপাশে ঘুরছে। আর পাঁচ মাস মাস বয়সী ছেলে মো. ওসমান ছিল স্বজনদের কোলে কোলে। তখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে বাসায় পৌঁছায়নি মানিকের মরদেহ।

মানিক হোসেন মোটরসাইকেলের চাপায় গুরুতর আহত হয়েছিলেন। গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মানিকের পরিবারের সদস্য ও বন্ধুরা জানন, ঘটনার দিন রাত ১১টার দিকে ধানমন্ডির সাতমসজিদ রোডের এক পাশে রিকশা রেখে মানিক অপর পাশে যান ফুটপাতের এক দোকানে চা-নাশতা খেতে। রাত সাড়ে ১১টার দিকে রাস্তা পার হয়ে রিকশার কাছাকাছি পৌঁছার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয় এবং তাঁকে বেশ কিছুটা দূর পর্যন্ত ছেঁচড়ে নিয়ে যায়।

মোটরসাইকেলচালক মদ্যপ ছিলেন বলে স্বজনদের অভিযোগ। আশপাশের লোকজন গুরুতর আহত মানিক ও সামান্য আহত মোটরসাইকেলচালক ফয়সালকে কাছাকাছি ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান।

মানিকের বাবা মো. শাহীন মৃধা প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তিনি ইবনে সিনা হাসপাতালে ছুটে যান। সেখানে চিকিৎসকেরা মানিকের অবস্থা গুরুতর জানিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। একটা অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান, মানিককে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখতে হবে। কিন্তু হাসপাতালে আইসিইউ শয্যা খালি নেই। ওই সময় এক অ্যাম্বুলেন্সের চালক উপযাজক হয়ে তাঁকে বলেন, তিনি এক হাসপাতালে নিয়ে যেতে পারবেন, সেখানে আইসিইউ শয্যা খালি আছে। শাহীন মৃধা চালকের কথামতো ছেলেকে নিয়ে শান্তিবাগে ‘বিএনকে হসপিটাল লিমিটেড’ নামে একটি হাসপাতালে নিয়ে যান।

মা পারুল বেগম কাঁদতে কাঁদতে বলছিলেন, অসুস্থ থাকার সময়ে কবে ছেলে তাঁকে কোলে করে হাসপাতালে ভর্তি করেছিল, কবে ভাত মেখে মুখে তুলে দিয়েছিল, চেনা–অচেনা কত লোকের জন্য রক্ত দিতে ছুটে যেত ছেলে!

মানিকের ছোটবেলার দুই বন্ধু সাদ্দাম হোসেন ও সাব্বির আহমেদ ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, তাঁদের বন্ধু একরকম বিনা চিকিৎসায় মারা গেলেন। তাঁদের দাবি, শান্তিবাগের হাসপাতালটিতে আইসিইউ নামে মাত্র। সেখানে যথাযথ চিকিৎসার ব্যবস্থা ছিল না। মঙ্গল ও বুধবার দুই দিন ওই হাসপাতালে ছিলেন মানিক। অনেক দেনদরবারের পর বিলের ক্ষেত্রে ছাড় পাওয়া গিয়েছিল। দুই দিনের জন্য পরিশোধ করতে হয় ৭১ হাজার টাকা।

পরদিন বৃহস্পতিবার দুপুরে মানিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। জানা গেছে, ঘটনাচক্রে দুর্ঘটনার সময় ইবনে সিনা হাসপাতালে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা তাসলিমা মিজি। তিনি ও তাঁর বন্ধু শাহেদুর রহমানের চেষ্টায় দুর্ঘটনার দুই দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মানিকের জন্য একটি শয্যার ব্যবস্থা করা যায়। এর আগে তাসলিমা ও মানিকের বন্ধুরা চাঁদা তুলে বিএনকে হাসপাতালের আইসিইউর ৭১ হাজার টাকা বিল পরিশোধ করেন।

মানিকের বন্ধুদের আক্ষেপ, জায়গায় জায়গায় সময় নষ্ট না করে শুরু থেকে সরকারি হাসপাতালে সীমিত খরচে আইসিইউতে চিকিৎসা পেলে হয়তো মানিক বেঁচে থাকতেন।

গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয় এবং তাঁকে বেশ কিছুটা দূর পর্যন্ত ছেঁচড়ে নিয়ে যায়।

হাজারীবাগের বাসায় ছেলের জন্য আহাজারি করছিলেন মা পারুল বেগম। তাঁর তিন সন্তানের মধ্যে মানিকই বড়। বাসার এই কক্ষ পারুল বেগমকে দিয়েছেন তাঁর দাদি। এক কক্ষে সবার জায়গা হয় না, তাই মানিক স্ত্রী ও সন্তানদের নিয়ে কাছাকাছি একটি ভাড়া বাসায় থাকতেন। পারুল বেগমের চোখের সামনে ছেলের সব স্মৃতি যেন একসঙ্গে হাজির হলো। পারুল বেগম কাঁদতে কাঁদতে বলছিলেন, অসুস্থ থাকার সময়ে কবে ছেলে তাঁকে কোলে করে হাসপাতালে ভর্তি করেছিল, কবে ভাত মেখে মুখে তুলে দিয়েছিল, চেনা–অচেনা কত লোকের জন্য রক্ত দিতে ছুটে যেত ছেলে! ছেলের জীবনযুদ্ধ নতুন করে পীড়া দেওয়া শুরু করেছে তাঁকে। ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ার স্বপ্ন বোনা মানিক কোভিডে তীব্র আর্থিক সংকটের মধ্যে রিকশা চালানো শুরু করেন।

মা বললেন, মানিকের ট্যানারির ব্যবসা ছিল। কিন্তু কোভিডের সময় ক্ষতির মুখে পড়ে ব্যবসা বন্ধ করে দিতে হয়। তাঁর প্রশ্ন, এখন মানিকের শিশুসন্তানেরা কীভাবে বড় হবে?
শাশুড়ির পাশে নিশ্চুপ বসেছিলেন মানিকের স্ত্রী সাবিনা ইয়াসমিন। একবার শুধু বললেন, ‘আমরা পছন্দ করে বিয়ে করেছিলাম।’

এরই মধ্যে মর্গ থেকে মানিকের মরদেহ এসে পৌঁছায় বাসায়। মানিকের ফুফাতো ভাই মো. রিয়াজ জানালেন, তাঁরা মোটরসাইকেলচালক ফয়সালকে আসামি করে মামলা করতে চাইছেন। তাঁরা জেনেছেন, মোটরসাইকেলটি ফয়সালের না। আর ফয়সালের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই।

গতকাল শনিবার রাত আটটার দিকে এ ঘটনায় সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।