
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্ব র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।
এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, র্যাঙ্কিংয়ে আইইউবিএটি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ষষ্ঠ এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১১তম অবস্থান অর্জন করেছে। কিউএসের এবারের র্যাঙ্কিংয়ে বিশ্বের ১ হাজার ৫০০ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হলো আইইউবিএটি।
গত মঙ্গলবার কিউএস নিজস্ব ওয়েবসাইটে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিংয়ের তথ্য প্রকাশ করে।
এবারও ১০০ স্কোরের ১০০ নিয়ে প্রথম হয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটি ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি।
কিউএস র্যাঙ্কিংয়ের সূচকগুলো হলো একাডেমিক খ্যাতি, চাকরির বাজারে সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণা, আন্তর্জাতিক শিক্ষক অনুপাতে আন্তর্জাতিক শিক্ষার্থী, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক ও কর্মসংস্থান।
আইইউবিএটির যাত্রার শুরু হয়েছিল ১৯৯১ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সাবেক পরিচালক শিক্ষাবিদ এম আলিমউল্যা মিয়ান এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।