হাজারীবাগের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

ধারালো অস্ত্রের আঘাতে হত্যা
প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগে ধারালো অস্ত্রের আঘাতে অজ্ঞাত পরিচয়ে এক যুবক খুন হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে হাজারীবাগ আলী হোসেন গার্লস স্কুল গলিতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১০টায় তাঁকে মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাওন বিশ্বাস জানান, খবর পেয়ে আলী হোসেন গার্লস স্কুল গলির খুশবুহ রেস্টুরেন্টের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। তাঁকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক।

শাওন বিশ্বাস জানান, ঘটনাস্থলের আশপাশের কেউ তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি। তাঁর মাথায় ও বাঁ পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কিভাবে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।