ছোট স্বপ্নগুলোও আগুনে পুড়ে ছাই

বঙ্গবাজারের বিক্রয়কর্মী মো. রবিন
ছবি: প্রথম আলো

ঈদ মৌসুম। তাই বেচাবিক্রি ভালো হবে। নির্ধারিত মাসিক বেতনের পাশাপাশি মিলবে বোনাস। সঙ্গে আরও কিছু বকশিশ। এই সুযোগটা বঙ্গবাজারের কর্মীদের কাছে প্রতিবছর একবারই আসে। সেটা আসে রোজার ঈদে। তখন সব মিলিয়ে এসব কর্মচারী যে পরিমাণ টাকা পান, সেই টাকায় নিজের ও পরিবারের প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণের চেষ্টা করেন। সেই ইচ্ছেগুলো স্বপ্নের মতো লালন-পালনও করেন দোকানকর্মীরা। কিন্তু কর্মীদের সেই ছোট স্বপ্নগুলো দোকানের কাপড়চোপড়ের মতোই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

আজ বুধবার আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজার কমপ্লেক্স ও আশপাশের আরও চারটি মার্কেটের একাধিক দোকানকর্মী তাঁদের স্বপ্নভঙ্গের কথা জানিয়েছেন। আগুনে দোকানের সবকিছু পুড়ে ছাই হওয়ায় ব্যবসায়ীদের মতো দুশ্চিন্তা ভর করেছে কর্মীদের মধ্যেও।

বঙ্গ ইসলামিয়া মার্কেটের মায়ের দোয়া গার্মেন্টসে বিক্রয়কর্মীর কাজ করতেন মো. রবিন। দোকানটি ছিল শার্ট ও প্যান্টের। বেতন পেতেন মাসে ১৪ হাজার টাকা। আজ দুপুরে মার্কেটের সামনে কথা হয় তাঁর সঙ্গে। মালিকের সঙ্গে আগুনে পুড়ে যাওয়া দোকানের মালপত্র সরানোর কাজ করছিলেন তখন।

মো. রবিন প্রথম আলোকে বলেন, ‘ঈদে বেতন, বোনাস ও বকশিশ—সব মিলাইয়া প্রায় ৩৫-৪০ হাজার টাকা পাইতাম। ওই টাকা দিয়া গ্রামের বাড়িতে একটা টিউবওয়েল (চাপকল) বসাইতে চাইছিলাম। এখন তা আর হবে না।’

রবিন বলছিলেন, তাঁর মা, ভাবি ও বোনকে পাশের বাড়ির টিউবওয়েল থেকে রান্নার পানি সংগ্রহ করতে হয়। গোসল ও ধোয়ামোছার কাজ করতে হয়ে অন্যের পুকুরে গিয়ে। এতে অনেক কষ্ট হয়। তাই খুব দরকার ছিল টিউবওয়েলের।

রবিনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। বাড়িতে বয়স্ক মা-বাবা, ভাই-ভাবি, বোন ও একজন ভাতিজি থাকেন। অল্প কিছুদিন হলো বিয়ে করেছেন। কিন্তু আর্থিক টানাপোড়েনের কারণে বউকে এখনো নিজের বাড়িতে নিয়ে যাননি। এর একটি কারণ নিজের বাড়িতে টিউবওয়েল না থাকা, জানান রবিন।

নিকটজনদের জন্য কিছু করার স্বপ্ন ছিল নাজমুল হোসেনেরও। তিনি কাজ করতেন বঙ্গবাজার কমপ্লেক্সের আদর্শ হকার্স মার্কেট ইউনিটের রাজধানী গার্মেন্টস নামের একটি দোকানে। বেতন পেতেন মাসে ১৮ হাজার টাকা। ঈদে বেতন, বোনাস ও বকশিশ মিলিয়ে তিনি এককালীন প্রায় ৬০ হাজার টাকা পেতেন বলে জানালেন।

বঙ্গবাজারের দোকানকর্মী নাজমুল হোসেন

নাজমুল হোসেন প্রথম আলোকে বলেন, গ্রামের বাড়ির ঘরগুলো টিনের। আর এর খুঁটিগুলো বাঁশের। খুঁটিগুলো এই বর্ষার আগে সংস্কার করার পরিকল্পনা ছিল। কারণ, বাঁশের খুঁটি দ্রুত পচে নষ্ট হয়ে যায় কিংবা পোকায় খেয়ে ফেলে।

নাজমুল বলছিলেন, ‘ইচ্ছা ছিল বাঁশের খুঁটির পাল্টাইয়া কাঠ ও সিমেন্টের খুঁটি বসামু। কিন্তু সেইটা আর হইতেছে না।’

নাজমুলের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।

বঙ্গবাজারের যেসব দোকান কর্মচারীর সঙ্গে আজ কথা হলো, তাঁদের প্রায় সবাই পরিবারের প্রধান উপার্জনক্ষম মানুষ। মাস শেষে বেতন যা পান, তার বেশির ভাগটাই পরিবারের জন্য দিতে হয়। ব্যক্তিগত চাওয়া–পাওয়ার হিসাব সেখানে মুখ্য না। তাঁদের দিকে তাকিয়ে থাকা পরিবারের অন্য মুখগুলোর দাবিই মূল। কষ্টের জীবনে তবুও তো সাধ জাগে। তাই রমজানের ঈদের বাড়তি আয়ে নিজের কিছু সাধ পূরণের ইচ্ছে তৈরি হয়। যেমন ইচ্ছে হয়েছিল ইমরুল ইসলামের। বঙ্গবাজারের এক কাপড়ের দোকানের কর্মচারী তিনি। ইমরুলের ইচ্ছে ছিল, এবার নিজের জন্য একটি স্মার্টফোন আর মায়ের জন্য একটি বাটন (ফিচার) মোবাইল কেনার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু এখন তাঁর হাতে বাজার করার টাকাও তো নেই।