সুরক্ষা সরঞ্জাম ছাড়াই বিধ্বস্ত ভবন পরিদর্শন দক্ষিণ সিটির কর্মকর্তাদের

সুরক্ষা সরঞ্জাম ছাড়াই বিস্ফোরণে বিধ্বস্ত ভবন পরিদর্শনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা। এই দলে ছিলেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান প্রকৌশলী সালেহ আহমেদ, প্রধান নগর-পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন এবং পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকেরসহ আরও কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সিদ্দিকবাজারে
ছবি: ড্রিঞ্জা চাম্বুগং

গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের সামনে টাঙানো একটি ব্যানারে লেখা-ভবনটি ঝুঁকিপূর্ণ। এই ভবনটিতে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। আদেশক্রমে- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ব্যানারের ওপরের দিকে দক্ষিণ সিটির লোগো রয়েছে।

এমন ব্যানার টাঙিয়ে খোদ দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের একটি দল বিধ্বস্ত ভবনটি পরিদর্শন করেছে কোনোরকম সুরক্ষা সরঞ্জাম ছাড়াই। এতে উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের সদস্যরা অসন্তোষ প্রকাশ করেন। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা দক্ষিণ সিটির পরিদর্শনকারী ওই দলের সদস্য ছিলেন প্রধান প্রকৌশলী সালেহ আহমেদ, প্রধান নগর-পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন এবং পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকেরসহ আরও কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা সুরক্ষা সরঞ্জাম ছাড়া বিস্ফোরণে বিধ্বস্ত ভবন পরিদর্শন করায় অসন্তোষ প্রকাশ করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ বৃহস্পতিবার বিকেলে, রাজধানীর সিদ্দিকবাজারে

সরেজমিনে দেখা যায়, বিকেল পাঁচটার দিকে ঢাকা দক্ষিণ সিটির ৮-১০ জনের একটি দল দুর্ঘটনাস্থলে যায়। দলের সদস্যরা তখন আইনশৃঙ্খলা ও ফায়ার সার্ভিসের হলুদ ও লাল রঙের প্লাস্টিকের ফিতে দিয়ে দেওয়া সাবধান ও বিপজ্জনক লেখা নিরাপত্তাবেষ্টনীর ভেতরে প্রবেশ করেন। এ সময় দলটির কোনো সদস্যের মাথায় সুরক্ষা টুপি কিংবা জুতা দেখা যায়নি। তাঁরা ভবনটির সামনের অংশে ক্ষতিগ্রস্ত কলামগুলোর কাছে গিয়ে সেগুলোয় হাত দিয়ে ধরে যাচাই করে দেখেন।

পরিদর্শনের পুরো সময় দক্ষিণ সিটির ওই দলের সঙ্গে ফায়ার সার্ভিস ও পুলিশের কোনো কর্মকর্তা কিংবা সদস্যকে দেখা যায়নি। দক্ষিণ সিটির কর্মকর্তারা নিজেদের মধ্যে ভবনটির ক্ষতিগ্রস্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সুরক্ষা সরঞ্জাম ছাড়াই নিরাপত্তাবেষ্টনী এড়িয়ে বিধ্বস্ত ভবনটির একেবারে কাছে যাওয়ার বিষয়টি দেখে দুর্ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা অসন্তোষ প্রকাশ করেন। তবে এ নিয়ে দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের একজন সদস্য বলেন, তাঁরা নিজেরাই বড় করে সাইনবোর্ড টাঙিয়ে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা দিয়েছেন। সেখানে তাঁরাই যদি কোনোরকম সুরক্ষাসামগ্রী ছাড়াই ভবনটির ক্ষতিগ্রস্ত অংশের কাছে যান এবং পরিদর্শন করেন, বিষয়টি সবার কাছে দৃষ্টিকটু। মঙ্গলবারের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউই অন্তত সেফটি জুতা ও টুপি ছাড়া ভবনটিতে যাননি।

সুরক্ষা সরঞ্জাম ছাড়া বিস্ফোরণে বিধ্বস্ত ভবন পরিদর্শন শেষে ফিরে আসছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বিকেলে, রাজধানীর সিদ্দিকবাজারে

পরে অবশ্য পরিদর্শনের সময় কোনো দুর্ঘটনা ঘটেনি। কর্মকর্তারা পরিদর্শন শেষে আবার নিজেদের মতো ঘটনাস্থল ত্যাগ করেন। তখনো সেখানে দায়িত্বশীল কারও সঙ্গে দক্ষিণ সিটির কর্মকর্তাদের কথা বলতে দেখা যায়নি।

যাওয়ার আগে কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলেন দক্ষিণ সিটির প্রধান প্রকৌশলী সালেহ আহমেদ। তিনি বলেন, সব ঝুঁকিপূর্ণ বিষয়ে মূল্যায়নের জন্য নিয়মিত সভা করা হয়। হঠাৎ এই বিপর্যয় নিয়ে তাৎক্ষণিক একটি সভা করা হয়েছে। পরে ভবনটি বাস্তব পরিদর্শনে আসা হয়েছে।

তিনি আরও বলেন, এ ছাড়া দক্ষিণ সিটির আওতায় যেসব ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে, সেগুলো নিয়মিতভাবে পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে অন্তত দুর্ঘটনার আগে সতর্ক করা সম্ভব হবে।

সবকিছুতে নিয়ম না মানার প্রবণতা রয়েছে উল্লেখ ঢাকা দক্ষিণ সিটির প্রধান প্রকৌশলী বলেন, অভিযান কোনো সমাধান না। সবাইকে সচেতন হতে হবে। অবৈধ সংযোগ দেওয়া, নেওয়া থেকে বিরত থাকতে হবে। ভবন তৈরি করে ভাড়া দিয়ে বসে থাকলে চলবে না। প্রতিবছর অন্তত নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।