ইউপিডিএফের সংগঠক নিখোঁজ মাইকেল চাকমার সন্ধান চেয়ে আজ রোববার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়িদের চারটি সংগঠন। তারা অবিলম্বে মাইকেল চাকমাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
সমাবেশ থেকে সম্প্রতি রোয়াংছড়িতে বম জাতিসত্তার ৮ জন নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাওয়া হয়।
মাইকেল চাকমা নিখোঁজ হওয়ার চার বছর পূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম। সমাবেশ শেষে দুপুর ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা করে। হাইকোর্ট মাজার মোড়ে পুলিশের বাধার মুখে মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে কর্মসূচি শেষ করে।
পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মাইকেল চাকমা ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হন বলে তাঁর পরিবার ও সংগঠনের অভিযোগ।
রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা অভিযোগ করেন, মাইকেল চাকমাকে গুম করা হয়েছে।
মাইকেল চাকমাসহ সারা দেশে গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা। একই সঙ্গে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের সাজানো মামলায় কারা অন্তরীণ প্রত্যেকের মুক্তি দাবি করেন।
ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অংকন চাকমা বলেন, এই সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করছে।
সমাবেশে সংহতি জানিয়ে জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা নিবর্তনমূলক আইন দিয়ে মানুষের কণ্ঠস্বরকে চেপে রাখার চেষ্টা করছে।
সমাবেশে ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা। অন্যদের মধ্যে বক্তব্য দেন গুম হওয়া পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক আফরোজা ইসলাম। সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন লেখক অধ্যাপক রেহেনুমা আহম্মেদ, লেখক ও অনুবাদক ওমর তারেক চৌধূরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দীলিপ রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মন প্রমুখ।