জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: র‍্যাব মহাপরিচালক

জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাব মহাপরিচালক
ছবি: র‍্যাবের সৌজন্যে

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিংয়ের মাধ্যমে জঙ্গিদের যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করার জন্য প্রস্তুত রয়েছে র‍্যাব।’ রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে আজ শুক্রবার সকাল ১০টার সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ঈদ সামনে রেখে সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়ানোর তথ্য তুলে ধরে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, ‘প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে র‍্যাব গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। সার্বিক নিরাপত্তার জন্য র‍্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, মোবাইল প্যাট্রোল, চেকপোস্টসহ সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।’

ঈদ সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা নিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, ‘ঢাকা শহরসহ দেশের গুরুত্বপূর্ণ ঈদগাহ জাতীয় ঈদগাহ ও শোলাকিয়া ঈদগাহে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট দ্বারা নিরাপত্তা সুইপিং করা হবে এবং প্রয়োজনীয় সিসিটিভি কাভারেজের আওতায় থাকবে।’

এম খুরশীদ হোসেন আরও বলেন, ‘বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে এই সময়ে ক্রয়–বিক্রয় হচ্ছে। জনসমাগম হচ্ছে। এসব বিষয় মাথায় রেখে নিরাপত্তারব্যবস্থা করেছি। ঘরমুখী মানুষ যাতে নিরাপদে বাসায় পৌঁছাতে পারে, সে ব্যাপারে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি।’

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, ‘ঘরমুখী মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। র‍্যাবের সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সব ব্যাটালিয়ন এলাকায় বাসটার্মিনাল, রেলস্টেশন, লঞ্চ–ফেরিঘাট ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থানে ঈদের দুই দিন আগে থেকে ঈদের পরদিন পর্যন্ত র‍্যাব সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে।

অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহন, হয়রানি এবং মলম পার্টি, চাঁদাবাজি ও ছিনতাই রোধে অভিযোগকেন্দ্র স্থাপন করা হয়েছে। অতিরিক্ত যাত্রীবোঝাই, বাস–পিকঅ্যাপ–বাসের চালকদের ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট আছে কি না তা যাচাই করা এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।’