রাজধানীর পরীবাগের তেলের পাম্প পূর্বাচল ট্রেডার্স ফিলিং স্টেশনে গ্যাস বিক্রি হচ্ছে, তবে তেল বিক্রি বন্ধ। আজ শুক্রবার সকালে
রাজধানীর পরীবাগের তেলের পাম্প পূর্বাচল ট্রেডার্স ফিলিং স্টেশনে গ্যাস বিক্রি হচ্ছে, তবে তেল বিক্রি বন্ধ। আজ শুক্রবার সকালে

কিছু পাম্পে তেল নেই, কিছু পাম্পে ভিড় কম

রাজধানীর কয়েকটি পাম্প ঘুরে গতকাল বৃহস্পতিবারের তুলনায় আজ শুক্রবার জ্বালানি তেলের জন্য ভিড় কিছুটা কম দেখা গেছে। আবার বেশ কয়েকটি পাম্পে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকতে দেখা গেছে।

বেলা ১১টার সময় রাজধানীর মালিবাগ হাজীপাড়া পেট্রলপাম্পে গিয়ে দেখা যায়, একটি বোর্ডে লেখা অকটেন নেই। কিছু মোটরসাইকেলচালক তেলের জন্য ভেতরে প্রবেশের চেষ্টা করলে পাম্পের কর্মচারী সাব্বির আহমেদ তাঁদের বের করে দেন।

সাব্বির আহমেদ জানান, তিন দিন ধরে তাঁরা ডিপো থেকে তেল পাচ্ছেন না। গতকালও তেলের জন্য গাড়ি ডিপোতে গিয়েছিল, কিন্তু তেল না পেয়ে খালি ফিরে এসেছে। তেল পাননি বলে বিক্রি করতে পারছেন না।

রাজধানীর পরীবাগের মেঘনা মডেল সাভির্সিং সেন্টারে জ্বালানি তেলের জন্য লাইন। আজ শুক্রবার সকালে

একই অবস্থা রাজধানীর পরীবাগের আরেকটি তেলের পাম্প পূর্বাচল ট্রেডার্স ফিলিং স্টেশনের। স্টেশনটি গতকাল পুরোপুরি বন্ধ ছিল। আজ দুপুর ১২টার সময় পাম্পে গিয়ে দেখা গেল পাম্পটি খোলা, তবে শুধু গ্যাস বিক্রি করছে।

পাম্পটির ক্যাশিয়ার দুলাল হোসেন প্রথম আলোকে জানান, তিন দিন ধরে তাঁরা তেল পাচ্ছেন না। সে জন্য গতকাল পাম্পটি পুরোপুরি বন্ধ রেখেছেন। আজ খুললেও কোনো তেল নেই, শুধু গ্যাস বিক্রি করছেন।

পাম্পটির সামনে একটি ব্যানারে লেখা রয়েছে...‘আজকে পদ্মা অয়েল ডিপো থেকে আমাদের পাম্পে তেল সরবরাহ না করার কারণে সম্মানিত ক্রেতা সাধারণকে তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। আমাদের এই অপরাগতা সম্মানিত ক্রেতা সাধারণকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য একান্ত অনুরোধ করা গেল।’

মালিবাগে একটি ফিলিং স্টেশনে তেল নাই। আজ শুক্রবার সকালে

দৈনিক বাংলা মোড়ের বিনিময় ফিলিং স্টেশনে বেলা একটার সময় গিয়ে দেখা যায় পাম্পটি বন্ধ। পাম্পটির কর্মচারী সাগর হোসেন প্রথম আলোকে জানান, গত দুই দিন তাঁরা তেল পাননি। গত পরশু দিন যে তেল পেয়েছেন, সে তেল সেদিন সকাল থেকে বিকেলের মধ্যে শেষ হয়ে যায়। এর পর থেকে ক্রেতারা এসে ফিরে যাচ্ছেন। আগামীকাল তেল পেতে পারেন বলে জানান সাগর হোসেন।

তবে দুপুর সাড়ে ১২টার সময় রাজধানীর পরীবাগের মেঘনা মডেল সাভির্সিং সেন্টারে গিয়ে দেখা যায়, তেল বিক্রি হচ্ছে। এই পাম্পে তেলের জন্য মোটরসাইকেলের সারি কিছুটা কম। প্রাইভেট কারের সারিও গত কয়েক দিনের তুলনায় কম।

একই চিত্র দেখা গেছে রাজধানীর মৎস্যভবন মোড়ে অবস্থিত রমনা ফিলিং স্টেশনে। এই স্টেশনে তেল বিক্রি হচ্ছে। তবে তেলের জন্য মোটরসাইকেল ও প্রাইভেট কারের ভিড় গত কয়েক দিনের তুলনায় কম। এই পাম্পে তেল নিতে আসা আশরাফুল আমি প্রথম আলোকে বলেন, ‘মোটরসাইকেলগুলোকে ৫ লিটার করে তেল দেওয়ার কারণে ভিড় অনেকটা কমে গেছে। এর পরিমাণ আরও বাড়ালে ভিড় আশা করি আরও কমবে। গত কয়েক দিন তেল নিতে যত সময় লাগত, আজকে তার চেয়ে অনেকটা কম সময় লেগেছে।’