
রাজধানীর আদাবর থানার শেখেরটেকের একটি বাড়ির ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে গতকাল বুধবার রাতে এক কিশোর মারা গেছে। কিশোরের নাম আসাদ আতহার আদ্বদীন (১৬)। সে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে দশম শ্রেণিতে ইংরেজি ভার্সনে পড়ত।
পুলিশ সূত্র জানায়, আসাদ মা–বাবার সঙ্গে আদাবর থানার শেখেরটেক ৩ নম্বর সড়কে একটি ছয়তলা বাড়ির পাঁচতলায় থাকত। তার বাবা আতহার আলী পেশায় চিকিৎসক। এক ভাই এক বোনের মধ্যে আসাদ ছোট ছিল।
আদাবর থানার উপপরিদর্শক (এসআই) সুজানুর ইসলাম আজ প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে ছয়তলা বাড়ির ছাদে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত নিচে পড়ে প্রাণ হারায়। খবর পেয়ে পুলিশ আসাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সকালে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।