পয়লা বৈশাখে রাজধানীতে যানবাহন চলবে যেসব পথে

বাংলা নববর্ষ উপলক্ষে পয়লা বৈশাখে রাজধানী ঢাকায় যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এদিন রাজধানীর বিভিন্ন সড়কের ১৪টি পয়েন্টে ডাইভারশন দেওয়া হবে। এ জন্য বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

আজ রোববার বিকেলে রাজধানীর রমনার বটমূলে বাংলা নববর্ষ উপলক্ষে স্থাপিত ডিএমপির নিয়ন্ত্রণকক্ষে এক সংবাদ সম্মেলনে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ কথা জানান। বাংলা নববর্ষের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরে বর্ষবরণের নিরাপত্তা মহড়া পরিদর্শন করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, বাঙালি সংস্কৃতির টানে, নববর্ষের উচ্ছ্বাসে ঢাকা নগরবাসী রমনা পার্ক, শিশুপার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাহাদুরশাহ পার্ক, মিরপুর শাক্যমুনি বৌদ্ধবিহার, রবীন্দ্রসরোবর, হাতিরঝিলসহ বিভিন্ন অনুষ্ঠানস্থলে সমবেত হবেন। জাতীয় ও উৎসবমুখর এই অনুষ্ঠান জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নির্বিঘ্নে উদ্‌যাপন করার লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ যানবাহন চলাচলে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

যান চলাচলের বিশেষ নির্দেশনার কথা উল্লেখ করে মো. সরওয়ার বলেন, ১৪ এপ্রিল ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রমনা পার্ক (রমনা বটমূল), সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশ এলাকার রাস্তা বন্ধ বা ডাইভারশন দেওয়া হবে।

যেসব স্থানে ডাইভারশন দেওয়া হবে

১. বাংলামোটর ক্রসিং ২. হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং ৩. পুলিশ ভবন ক্রসিং ৪. সুগন্ধা ক্রসিং ৫. কাকরাইল চার্চ ক্রসিং ৬. কদম ফোয়ারা ক্রসিং ৭. হাইকোর্ট ক্রসিং (পশ্চিম) ৮. শহীদুল্লাহ হল ক্রসিং ৯. রোমানা ক্রসিং ১০. ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ১১. জগন্নাথ হল ক্রসিং ১২. ভাস্কর্য ক্রসিং ১৩. নীলক্ষেত ক্রসিং ও ১৪. কাঁটাবন ক্রসিং।

গাড়ি চলাচলের দিকনির্দেশনা

গাড়ি চলাচলের দিকনির্দেশনার বিষয়ে মো. সরওয়ার বলেন, মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগের দিকে চলাচল করা ভারী যানবাহন বাংলামোটর ক্রসিং থেকে বাঁয়ে মোড় নিয়ে মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে চলাচল করবে। হালকা যানবাহন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে বাঁয়ে মোড় নিয়ে মিন্টো রোড ক্রসিং হয়ে চলাচল করতে পারবে।

গোলাপশাহ মাজার ক্রসিং ও হাইকোর্ট ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যানবাহন কদম ফোয়ারা ক্রসিং-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং হয়ে গন্তব্যে যাবে। সায়েন্সল্যাব ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী ভারী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রসিং-চানখাঁরপুল ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। হালকা যানবাহন সায়েন্সল্যাব ক্রসিং থেকে বাটা সিগন্যাল ক্রসিং-কাঁটাবন ক্রসিং হয়ে ডানে-বাঁয়ে মোড় নিয়ে হাতিরপুল বা নীলক্ষেত-পলাশী ক্রসিং দিয়ে চলাচল করবে।

যেখানে পার্ক করা যাবে

রমনা পার্ক (রমনা বটমূল) ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানগুলো হলো ১. নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত (রাস্তার উভয় পাশে এক লেনে) ২. মৎস্য ভবন ক্রসিং থেকে সেগুনবাগিচা পর্যন্ত এবং শিল্পকলা একাডেমি গলি (শুধু আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি) ৩. কাঁটাবন ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত (রাস্তার পশ্চিম পাশে এক লেনে) এবং ৪. আবদুল গণি রোড এবং সচিবালয় লিংক রোড (রাস্তার উভয় পাশে এক লেনে)।