
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রথমবারের মতো তিন দিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলন উদ্বোধন করেছেন। ভূমি মন্ত্রণালয় এই সম্মেলন আয়োজন করেছে। এ সময় ভূমি মন্ত্রণালয়ের আরও সাতটি উদ্যোগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
আজ বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভূমি সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে বক্তব্য দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, আইনসচিব মো. গোলাম সারওয়ার, ভূমিসচিব মো. মুস্তাফিজুর রহমান এবং রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী।
অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
জাতীয় ভূমি সম্মেলনের উদ্দেশ্য ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে ভূমি মন্ত্রণালয়ের ভূমিকা তুলে ধরা এবং ভূমিসংক্রান্ত সেবার ডিজিটালাইজেশনের ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো খুঁজে বের করা।
এ ছাড়া ভূমি মন্ত্রণালয়ের গৃহীত নানা পদক্ষেপ সম্পর্কে নাগরিক, সরকারি সংস্থা ও স্টেকহোল্ডারদের অবহিত করা, ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি ও ভূমিসংক্রান্ত বিদ্যমান আইন ও প্রবিধান সম্পর্কে ধারণা দেওয়াও এই সম্মেলন আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিনের কার্যক্রম রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত হবে।