
রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের কারণে বিভিন্ন এলাকায় গণপরিবহনসহ অন্যান্য গাড়ির চাপ কম। আজ বুধবার সকালে গাড়ির চাপ থাকলেও দুপুর থেকে গাড়ির চাপ কমে এসেছে।
বেলা একটা থেকে সোয়া দুইটা পর্যন্ত ঢাকার পল্টন, মৎস্য ভবন, শাহবাগ, নিউমার্কেট, ধানমন্ডি, বিজয় সরণি, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
পুলিশের তেজগাঁও ট্রাফিক বিভাগের (ডিসি) সাহেদ আল মাসুদ প্রথম আলোকে বলেন, ‘আজ সড়কে গাড়ির চাপ কম। তবে পল্টনে দুটি বড় সমাবেশ হওয়ার কারণে তেজগাঁও সাতরাস্তা থেকে মগবাজার হয়ে পল্টনগামী সড়কে গাড়ির ধীরগতি। গাড়িগুলো সামনে এগোতে পারছে না। এ কারণে এই এলাকায় কিছুটা যানজট তৈরি হয়েছে।’
আজ বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি সমাবেশের আয়োজন করেছে। আর ঢাকা মহানগর আওয়ামী লীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শান্তি সমাবেশ করবে।
বেলা একটার দিকে পল্টন থেকে রওনা হয়ে শাহবাগের দিকে যেতে প্রেসক্লাব থেকে মৎস্য ভবন মোড় পর্যন্ত অল্প যানজট ছিল। মৎস্য ভবন পার হওয়ার পর সায়েন্সল্যাব হয়ে নিউমার্কেট পর্যন্ত তেমন যানজট ছিল না। শুধু কয়েকটি পয়েন্টে ট্রাফিক সিগন্যালে অল্প সময় অপেক্ষা করতে হয়েছে।
নিউমার্কেট থেকে মিরপুর সড়ক হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে বিজয় সরণি পর্যন্ত যাওয়ার পথে প্রায় একই ধরনের চিত্র দেখা গেছে। বিজয় সরণি সিগন্যালে কিছু সময় অপেক্ষার পর ফার্মগেট হয়ে কারওয়ান বাজার পর্যন্ত কোনো যানজট চোখে পড়েনি।
গাবতলী থেকে সায়েদাবাদগামী ৮ নম্বর বাসের চালক মো. শাকিলের সঙ্গে কথা হয় ফার্মগেট এলাকায়। তিনি প্রথম আলোকে বলেন, ‘রাস্তায় যাত্রী কম। এ কারণে যাত্রীবাহী বাসও কম নেমেছে রাস্তায়।’