
ঢাকার মোহাম্মদপুর এলাকার আলোচিত তিন ভাই জোসেফ, হারিস ও আনিসের মদদে গ্রেপ্তার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন ওই এলাকার সাবেক দুই ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান (মিজান) ও তারেকুজ্জামান (রাজীব)।
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে তাঁরা এই অভিযোগ করেন। হাবিবুর রহমান ও তারেকুজ্জামান ২০১৯ সালের অক্টোবরে গ্রেপ্তার হন। ওই সময় তাঁরা যথাক্রমে ঢাকা উত্তর সিটির ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। প্রায় তিন বছর জেল খেটে পরে জামিনে মুক্তি পান। দুজনই স্থানীয় আওয়ামী লীগের নেতা ছিলেন। এখনো দলীয় রাজনীতিতে জড়িত আছেন বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে দুই সাবেক কাউন্সিলর যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁরা হলেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ভাই তোফায়েল আহমেদ ওরফে জোসেফ, হারিস আহমেদ ও আনিস আহমেদ।
তারেকুজ্জামান দাবি করেন, জোসেফ ও হারিসের ভাতিজা এবং আনিসের ছেলে আসিফ আহমেদকে কাউন্সিলর বানানোর জন্য তাঁকে (তারেকুজ্জামান) পরিকল্পিতভাবে গ্রেপ্তার করানো হয়েছিল। তিনি বলেন, ‘বর্তমানে আমি এবং আমার পরিবার ওই সন্ত্রাসী গোষ্ঠীর হুমকির মুখে আছি। আমার প্রাণনাশের শঙ্কা রয়েছে।’
এ অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ৩৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আসিফ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিক কোনো বক্তব্য দিতে রাজি হননি।
অন্যদিকে হাবিবুর রহমান দাবি করেন, একজন প্রভাবশালীর সরাসরি ইন্ধনে এবং শীর্ষ সন্ত্রাসী জোসেফ, হারিছ ও আনিসের মদদে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে অস্ত্র উদ্ধার করেছিল, সেটা তাঁর নয় বলে দাবি করে হাবিবুর রহমান বলেন, ‘আমার অত্যাধুনিক অস্ত্র দোকানে জমা দেওয়া ২০১৮ সাল থেকে। আর আমাকে গ্রেপ্তার করা হয় ২০১৯ সালে। আমি অত্যাধুনিক অস্ত্র থাকতে ভাঙা অস্ত্র সঙ্গে রাখব কেন?’
হাবিবুর রহমান (মিজান) বলেন, ‘আমি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। “পাগলা মিজান” বলে আমাকে গ্রেপ্তার করা হয়। একজন প্রভাবশালী ব্যক্তির সরাসরি ইন্ধনে ও শীর্ষ সন্ত্রাসী জোসেফ-হারিস-আনিসের মদদে আমাকে গ্রেপ্তার করা হয়।’
জোসেফ, হারিস ও আনিসের পরিবারের সঙ্গে পুরোনো শত্রুতার রয়েছে উল্লেখ করে হাবিবুর রহমান বলেন, ১৯৯৬ সালের ৭ মে মোহাম্মদপুরে তাঁর ভাই মোস্তাফিজুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। সেই মামলায় তখনকার শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ ওরফে জোসেফকে মৃত্যুদণ্ড দেন ঢাকার জজ আদালত। সেই রায়ের বিরুদ্ধে জোসেফ আপিল করলেও মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। আপিল বিভাগ এ সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে তিনি মুক্তি পান। ওই মামলায় জোসেফের ভাই হারিস আহমদ ও আনিস আহমদও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
গ্রেপ্তারের প্রায় তিন বছর পর হাবিবুর রহমান ও তারেকুজ্জামান গত অক্টোবরে জামিনে মুক্তি পান।
যে প্রভাবশালীর ইন্ধনে সাবেক দুই কাউন্সিলর গ্রেপ্তার হন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সেই নাম তাঁরা প্রকাশ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান বলেন, ‘ভাইয়া, আমি তো আপনাদের বললাম, আপনারা সবই জানেন, সবই বোঝেন। আপনাদের অনেক কিছু বলতে পারছি না।’
একই প্রশ্নের জবাবে তারেকুজ্জামান বলেন, ‘কাউন্সিলর থাকা অবস্থায় আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। আমার জীবনের গতি পাল্টে দেওয়া হয়েছে। এটা কতটা ভয়ংকর আর নির্মম হতে পারে, একটু চিন্তা করলেই বুঝবেন। প্রভাবশালীর নাম প্রকাশ করার ইচ্ছে থাকা সত্ত্বেও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে তাঁর (প্রভাবশালী) নাম প্রকাশ করতে পারছি না।’