
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মান্ডায় ব্যাটারিচালিত রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত শাওন হোসেন (১৫) মানিকনগর মডেল হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে মান্ডার গ্রিন মডেল টাউন এলাকায় ব্যাটারিচালিত রিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রিকশা তিন যাত্রী এবং মোটরসাইকেলে থাকা একমাত্র আরোহী আহত হয়। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। মোটরসাইকেল আরোহী শাওনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত স্কুলছাত্রের বাবা নিজাম উদ্দিন বলেন, তিনি পেশায় প্রাইভেট কারের চালক। থাকেন মুগদার মানিকনগর এলাকায়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি তাঁর (শাওনের বাবা) এক সহকর্মীর। শুক্রবার বিকেলে শাওন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। কিছুক্ষণ পরই তিনি ছেলের মৃত্যুর খবর পান। তাঁর দুই ছেলের মধ্যে শাওন ছিল বড়।
পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার মধুসূদন দাস প্রথম আলোকে বলেন, লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।