
রাজধানীর কয়েকটি ঝুঁকিপূর্ণ মার্কেট বা বিপণিবিতানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরিপ করবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সংস্থার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন আজ বুধবার এ কথা জানিয়েছেন।
আজ বেলা ১টায় অধিদপ্তরের মূল ফটকে এক ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার মাইন উদ্দিন এ কথা বলেন।
মো. মাইন বলেছেন, ‘রাজধানী সুপার মার্কেট ও গাউছিয়া মার্কেটসহ রাজধানীতে বেশ কিছু ঝুঁকিপূর্ণ মার্কেট রয়েছে। আমরা আগামীকাল থেকে এসব মার্কেটে সার্ভে শুরু করব। এসব মার্কেটে বিএমডিসি কোড অনুযায়ী প্রবেশ কিংবা বাহির হওয়া এবং অগ্নিনির্বাপণে যে ব্যবস্থা থাকার কথা, তা নেই। তাই আমার কাছে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ঝুঁকিপূর্ণ। মার্কেটের মালিকপক্ষকে নিয়ে এ সার্ভে বা জরিপ করা হবে এবং পরবর্তী করণীয় জানিয়ে দেওয়া হবে।’
ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, বঙ্গবাজারে আগুন নির্বাপণে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এনেক্সকো টাওয়ারসহ অন্যান্য স্থানে যেখানেই আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে, সেখানেই কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সরকারি স্থাপনাই নয়, আমাদের জন্য প্রতিটি স্থাপনাই গুরুত্বপূর্ণ। আমরা গ্রুপে গ্রুপে ভাগ করে, এক একটা গ্রুপ এক এক জায়গায় কাজ করেছি। এক সাথে এক শ ফায়ার ফাইটার জড়ো হলেও সেটা কাজের জন্য কিন্তু অন্তরায়। আপনারা দেখেছেন পুলিশ হেডকোয়ার্টারে একটি তিনতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের পাশেই এনেক্সকো টাওয়ারের বর্ধিত ভবন সেটি কিন্তু পোড়েনি। সেটা কিন্তু আমরা রক্ষা করেছি।’
প্রতিবারই আগুনের ঘটনায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস থেকে পানি সংকটের বিষয়টি সামনে আসে কেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ঢাকা শহরের বর্তমান অবস্থা আপনারা জানেন। আমরা রাজউক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাথে আগামী সপ্তাহে বসে বিএমডিসি কোড যেন মেনে চলার ব্যবস্থা করা যায়, সেটা করব।’
ব্রিগেডিয়ার মাইন বলেন, ‘একটি পরিকল্পিত নগরায়ণের জন্য ওয়াটার হাইড্রেন থাকা জরুরি, অগ্নিনির্বাপণের জন্য অতীব জরুরি। ঢাকা শহরে মিল-ফ্যাক্টরি ছাড়া কোথাও ওয়াটার হাইড্রেন্ট নেই বললেই চলে।’