দুজনের বিরুদ্ধে অভিযোগ একই। তদন্তে দুজনকেই নির্দোষ পাওয়া যায়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে একজনকে সাত মাস আগে বিভাগীয় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু অপরজনের মামলা এখনো ঝুলছে। তদন্তে নির্দোষ প্রমাণিত হলেও বিভাগীয় মামলা এভাবে ঝুলিয়ে রাখার নজির আছে ঢাকা ওয়াসায়।
সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, বিরুদ্ধ মত দমনে বিভাগীয় মামলাকে ‘হাতিয়ার’ বানাচ্ছে কর্তৃপক্ষ। বিভাগীয় মামলার মাধ্যমে বিরুদ্ধ মতের কর্মকর্তা-কর্মচারীদের প্রাতিষ্ঠানিক বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। কেননা ঢাকা ওয়াসার চাকরি প্রবিধানমালা অনুযায়ী, সংস্থার কারও বিরুদ্ধে বিভাগীয় মামলা হলে তিনি পদোন্নতি, পদায়ন, আর্থিক প্রণোদনা, পারফরম্যান্স বোনাস, প্রশিক্ষণ ও চাকরি শেষ হওয়ার পর আর্থিক সুবিধা পান না।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান দেশের বাইরে থাকায় বিভাগীয় মামলা নিয়ে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে সংস্থার উপপ্রধান জনতথ্য কর্মকর্তা এ এম মোস্তফা তারেক প্রথম আলোকে বলেন, ‘কোন বিভাগীয় মামলা এখন কী পরিস্থিতিতে আছে, তা কর্তৃপক্ষ কাগজপত্র পর্যালোচনা করে দেখবে।’
ঢাকা ওয়াসার নথিপত্রে দেখা যায়, সংস্থাটিতে ৫০টির বেশি বিভাগীয় মামলা চলমান। এর মধ্যে সর্বোচ্চ ১৪ বছর ধরে একটি মামলা চলছে। ৫ বছরের বেশি সময় ধরে চলছে ১৫টি মামলা। ৯টি মামলা চলছে সাড়ে ৩ বছর ধরে।
ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, অধিকাংশ বিভাগীয় মামলা হয়েছে আচরণ-সংক্রান্ত কারণসহ কর্তৃপক্ষের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করায়। অভিযোগ প্রমাণিত না হলেও বিরুদ্ধ মতের কর্মকর্তা-কর্মচারীদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে না। অন্যদিকে দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে কর্তৃপক্ষকে তেমন একটা পদক্ষেপ নিতে দেখা যায় না। দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা আছে হাতে গোনা। ঢাকা ওয়াসার কর্মচারী বহুমুখী সমবায় সমিতির ৩৩২ কোটি টাকা আত্মসাতের ঘটনায় বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর নাম এসেছে। কিন্তু কারও বিরুদ্ধেই ব্যবস্থা নেয়নি ওয়াসা কর্তৃপক্ষ। অথচ কর্তৃপক্ষের স্বেচ্ছাচারী নির্দেশনার বাইরে গিয়ে ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন করায় বিভাগীয় মামলা হয় ১০টি।
ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন নিয়ে বেশ কয়েক বছর ধরে টানাপোড়েন চলছিল। সূত্র জানায়, ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজেদের পছন্দের লোক দিয়ে সমিতি চালাতে চাইছিল। আর সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা চাইছিলেন নির্বাচনের মাধ্যমে কমিটি করতে। কর্তৃপক্ষের বাধা উপেক্ষা করে ২০২০ সালের ২৬ ডিসেম্বর সমিতির নির্বাচন হয়।
নির্বাচনের আগেই ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী প্রচার, সভা ও ভোটদান থেকে বিরত থাকতে অফিস আদেশ জারি করেছিল। তখন ছিল করোনাকাল। অফিস আদেশে বলা হয়েছিল, করোনার বিস্তার প্রতিরোধ ও ঢাকা ওয়াসার পানি সরবরাহের মতো স্পর্শকাতর কাজ সচল রাখতে সব স্তরের কর্মকর্তা-কর্মচারীকে সভা-সমাবেশ, নির্বাচনী প্রচার ও ভোটদান থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হলো।
নির্বাচনের ঘটনায় পরবর্তী সময়ে ১০ জনের বিরুদ্ধে ১০টি বিভাগীয় মামলা করে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। মামলাগুলোর অভিযোগের বর্ণনা একই।
অভিযুক্ত অন্তত পাঁচ ব্যক্তি বলেন, তাঁরা কর্তৃপক্ষের কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছিলেন। কিন্তু তা আমলে নেওয়া হয়নি।
মামলাগুলো তদন্তে ১০টি কমিটি করে কর্তৃপক্ষ। প্রতিটি কমিটি তিন সদস্যের। তবে সব কটি কমিটির সদস্য করা হয় একই ব্যক্তিদের।
তদন্ত কমিটির কাছে দেওয়া ব্যাখ্যায় অভিযুক্ত ব্যক্তিরা বলেন, সমিতির নির্বাচনের দিন ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ উপসহকারী প্রকৌশলীদের নিয়োগ পরীক্ষা নেয়। সেখানে পরীক্ষার্থী ছিলেন প্রায় সাত হাজার। অন্যদিকে সমিতির ভোটার ছিলেন ২ হাজার ৭৯৩ জন। করোনা সংক্রমণের জন্য সমিতির নির্বাচন বন্ধ করতে বলে কর্তৃপক্ষ নিজেরা কীভাবে পরীক্ষা নেয়? এটি কর্তৃপক্ষের দ্বিচারিতা। এটা ভিন্ন উদ্দেশ্য থেকে যে করা, তা স্পষ্ট। আর নির্বাচন হয় আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরে, যেটি ওয়াসার কোনো স্থাপনা নয়। সেখানে স্বাস্থ্যবিধি মেনেই ভোট হয়।
তদন্ত কমিটি অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য, বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে গত বছরের ফেব্রুয়ারিতে সব কটি মামলায় প্রতিবেদন জমা দেয়। সূত্র জানায়, সব কটি মামলার ক্ষেত্রে অভিযোগের প্রমাণ না পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিরা নির্দোষ বলে প্রতিবেদনে মতামত দেয় তদন্ত কমিটি।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ঢাকা ওয়াসার উপপ্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সোনা মিয়ার বিরুদ্ধে করা মামলাটি গত বছরের ১২ অক্টোবর নিষ্পত্তি করা হয়। তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
তবে একই ঘটনায় বাকি অভিযুক্ত কারও মামলা এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। বিষয়টি নিয়ে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা ক্ষুব্ধ।
তদন্ত প্রতিবেদনে নির্দোষ প্রমাণিত হয়েছেন ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির সম্পাদক মো. শাহাব উদ্দিন সরকার। তবে তাঁর মামলাটি এখনো ঝুলছে।
শাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, যে অভিযোগে বিভাগীয় মামলাটি করা হয়েছে, তা অত্যন্ত ঠুনকো। কোনো কর্মকর্তা-কর্মচারী কর্তৃপক্ষের বিরাগভাজন হলে তাঁদের ওপর খড়্গ নেমে আসে। স্বৈরাচারী কায়দায় বছরের পর বছর বিভাগীয় মামলা চালানো হয়। এ অবস্থায় তাঁরা অসহায়।
আরেক ঘটনায় ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক আসকার ইবনে সায়েকের বিরুদ্ধে ২০২০ সালের ডিসেম্বরে বিভাগীয় মামলা করে কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে করোনা মহামারি–সম্পর্কিত সরকারি নির্দেশনা অমান্য করে সমাবেশ করার অভিযোগ আনা হয়। কর্মসূচিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে ছিল বলে জানা যায়। মামলাটি এখনো চলমান। এ বিষয়ে আসকার প্রথম আলোকে বলেন, ‘মামলার ব্যাপারে কোনো বক্তব্য দিতে চাই না। কর্তৃপক্ষের নির্দেশ মেনে চাকরি শেষ করতে চাই।’
ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের দায়িত্বে থাকার সময় বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। সমবায় অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে দেখা যায়, প্রতিষ্ঠানটির ৪৬ কর্মকর্তা-কর্মচারী মিলে সমিতির ৩৩২ কোটি টাকা আত্মসাৎ করেছেন। কে কত টাকা আত্মসাৎ করেছেন, তার বিস্তারিত বিবরণও প্রতিবেদনে রয়েছে।
সমবায় অধিদপ্তরের তদন্ত কমিটি গত বছর স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) এই প্রতিবেদন জমা দেয়। এ ঘটনায় গত বছরের মে মাসে তিনজনের বিরুদ্ধে মামলা করে দুদক।
তবে অর্থ আত্মসাতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বলে সূত্র জানায়। এর মধ্য দিয়ে সংস্থাটি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ঢাকা ওয়াসার একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, অর্থ আত্মসাতে অভিযুক্ত ব্যক্তিদের কয়েকজন চাকরি শেষে অবসরে চলে গেছেন। তবে অন্যরা চাকরি করে যাচ্ছেন। সমিতির অর্থ আত্মসাতের বিষয়টি নানা সময়ে আলোচনায় এলেও ওয়াসা কর্তৃপক্ষ অভিযুক্ত কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বরং অভিযুক্ত কোনো কোনো ব্যক্তিকে ভালো পদ দেওয়ারও উদাহরণ আছে।
বিভাগীয় মামলা নিয়ে ওয়াসা কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতায় সংস্থাটির কর্মপরিবেশ নষ্ট হচ্ছে বলে মনে করেন সরকারি চাকরির বিধিবিধান বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানে জবাবদিহি না থাকলে তখনই কর্তৃপক্ষ দুর্নীতির ঘটনায় মামলা না করে অন্য বিষয়ে নিজেদের খেয়ালখুশিমতো মামলা করে। এতে দুর্নীতি কমে না, বাড়ে। ঢাকা ওয়াসায় বিভাগীয় মামলার নামে কী হচ্ছে, সেটি মন্ত্রণালয়ের দেখা উচিত।