শাহবাগে সমাবেশে বক্তারা

গণমাধ্যমের টুঁটি চেপে ধরতে চায় সরকার

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ ব্যানারে এ সমাবেশ হয়  
ছবি: সাজিদ হোসেন

ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘কালাকানুন’ আখ্যায়িত করে এটি বাতিল ও এই আইনে করা মামলায় গ্রেপ্তার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ হয়েছে।

আজ শনিবার বিকেল চারটার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ ব্যানারে আয়োজিত এ সমাবেশে অধিকারকর্মী ও সাবেক ছাত্রনেতারা বক্তব্য দেন। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরিফুজ্জামান বলেন, দেশের গণমাধ্যম ভালো নেই। দেশ সংবিধান ও আইন অনুযায়ী চলছে না, চলছে শাসকের আইনে। মুক্ত গণমাধ্যমের টুঁটি চেপে ধরতে চায় সরকার। সুযোগ পেলে তারা প্রথম আলোকে নানাভাবে বাক্সবন্দী করতে চায়।

শরিফুজ্জামান আরও বলেন, বর্তমান সরকারের নানা অপকর্মের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ না হলেও প্রথম আলো, ডেইলি স্টারসহ কয়েকটি গণমাধ্যম এর বিরুদ্ধে সোচ্চার। এই সরকারের পায়ের নিচে থেকে ক্রমে মাটি সরে যাচ্ছে। তারা ভীত ও শঙ্কিত হয়ে পড়ছে। তাই তারা দেশে একটি ভয়ের শাসন কায়েম করে তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি জানিয়ে শরিফুজ্জামান বলেন, ভিন্নমতের কারণে গলায় যারা চাপাতি চালায় আর ভিন্নমত প্রচারের কারণে যারা সাংবাদিককে রাতের অন্ধকারে ধরে নিয়ে যায়, উভয়ই একই আস্তানার লোক। তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে মুক্তি দিতে হবে। এ ছাড়া এই আইনে গ্রেপ্তার সবাইকে মুক্তি দিতে হবে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে গণমাধ্যমের বিরুদ্ধে যে বিষোদ্‌গার করা হচ্ছে, সেটি বন্ধের দাবি জানাই।’

বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন যখন জাতীয় সংসদে পাস হয়, তখনই আমরা বলেছিলাম আইনটির অপপ্রয়োগ হবে। আজ এই আইনের অপপ্রয়োগ হচ্ছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা যখন ইচ্ছা, যার বিরুদ্ধে তাঁরা মামলা করছেন এই আইনে।’

সমাবেশে আইনজীবী জীবনানন্দ জয়ন্ত বলেন, যে আইন দিয়ে ফাঁদ পাতা যায়, তা কখনো ভালো হতে পারে না। এ ধরনের আইন কোনো সভ্য রাষ্ট্রে চলতে পারে না। যে আইনের অপপ্রয়োগ করা যায়, যে আইন নিয়ে দেশ–বিদেশে সমালোচনা আছে, সে আইন ভালো হতে পারে না। ভালো আইন ছাড়া দেশে আইনের শাসন কায়েম করা যাবে না। তাই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যখন ব্যাপক আন্দোলন হচ্ছিল, তখন সাংবাদিক সংগঠনগুলো তৎপর ছিল না বলে অভিযোগ করেন আইনজীবী জীবনানন্দ।

প্রকাশক রবীন আহসানের সঞ্চালনায় সমাবেশে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’–এর সংগঠক আকরামুল হক, অধিকারকর্মী একরাম হোসেন, ছাত্র ইউনিয়ন নেতা রেজোয়ান হক প্রমুখ বক্তব্য দেন।