৯৮ শিক্ষাপ্রতিষ্ঠানে মশকনিধন অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি

অভিযানকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্লিচিং পাউডার ছিটানো এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কীটনাশক প্রয়োগ করা হয়। ঢাকা, ১১ জুলাই
ছবি: সংগৃহীত

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর ৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ও চারপাশ পরিষ্কার–পরিচ্ছন্ন করা হয়েছে। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করে ওষুধ ছিটানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটির অঞ্চল-১–এর ১০টি, অঞ্চল-২–এর ১২, অঞ্চল-৩–এর ২৮, অঞ্চল-৪–এর ১১, অঞ্চল-৫–এর ১৫, অঞ্চল-৬–এর ৩, অঞ্চল-৭–এর ৪, অঞ্চল-৮–এর ৫, অঞ্চল-৯–এর ৬ ও অঞ্চল-১০–এর ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। প্রয়োজন অনুযায়ী এসব প্রতিষ্ঠানে ব্লিচিং পাউডার ছিটানো এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কীটনাশক প্রয়োগ করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

এদিকে এডিস মশার লার্ভা পাওয়ায় ৩ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেছেন দক্ষিণ সিটির ৯টি ভ্রাম্যমাণ আদালত। ধানমন্ডি ১৫/এ এলাকায় আনোয়ার ল্যান্ডমার্ক এবং দনিয়া এলাকায় বিশ্বাস বিল্ডার্সের নির্মাণাধীন ভবনসহ মোট ১৬ স্থাপনাকে এই জরিমানা করা হয়।