
রাজধানীর মৌচাক এলাকায় প্রাইভেট কারে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, মৌচাকে ফরচুন মার্কেটের বিপরীত দিকের সড়কে প্রাইভেট কারটিতে আগুন লাগে। সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন মাসুম পারভেজ (৪২), তাঁর স্ত্রী সখিনা আক্তার (৩৮), ছেলে নাফিজ পারভেজ (১৩) ও মেয়ে জান্নাত ফেরদৌস (১০)। হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক।
মাসুম পারভেজের ভাই মাসুদ পারভেজ জানিয়েছেন, তাঁর ভাই গাড়ির ব্যবসা করেন। বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় তাঁরা থাকেন। রাতে সপরিবার কেনাকাটা করতে ফরচুন মার্কেটে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা।