
জাতীয় ঈদগাহে আসার সময় দেশলাই অথবা লাইটার সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের কারণে সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে আহ্বান জানান মেয়র। তিনি বলেন, কেউ দয়া করে কোনো দেশলাই, লাইটার অথবা আগুনে জ্বলতে পারে, এ রকম কোনো বস্তু আনবেন না।
আজ বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, নিরাপত্তাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে সজাগ থাকবে।
প্রাকৃতিক দুর্যোগ হলেও যাতে মুসল্লিরা সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে রকম ব্যবস্থা করা হয়েছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, ‘তারপরও যদি সে রকম দুর্যোগ হয়ে থাকে, তাহলে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয় থেকে ঘোষণা আছে যে বায়তুল মোকাররমে বিকল্প হিসেবে ঈদের জামাত হবে। তবে বায়তুল মোকাররমে সকাল থেকেই কিন্তু পাঁচটি জামাতের আয়োজন করা আছে। দুর্যোগ হলে মূলটাই সেখানে বিকল্প হিসেবে চলে যাবে।’
জাতীয় ঈদগাহে মহামান্য রাষ্ট্রপতিসহ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন, এমন আশাবাদ ব্যক্ত করে মেয়র শেখ তাপস বলেন, সবার জন্য সুষ্ঠু আয়োজন করা হয়েছে। অজুখানা, শৌচাগার, নারীদের আলাদা পথ রাখার পাশাপাশি খাবার পানির পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি। মেয়র বলেন, ঝড়বৃষ্টিতে ক্ষতি থেকে বাঁচাতে পুরো মাঠে ত্রিপল দেওয়া হয়েছে।
গতবারের তুলনায় স্বাস্থ্যসেবা কেন্দ্র বেশি রাখা হয়েছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, এবার চিকিৎসক বেশি রাখা হয়েছে। প্রচণ্ড দাবদাহের কারণে কেউ যদি অসুস্থ হয়ে যান, তিনি যাতে দ্রুত চিকিৎসা সেবা পেতে পারেন। সিভিল সার্জনসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে আলাদা স্বাস্থ্যসেবা কেন্দ্র করা হয়েছে। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ব্যাপক মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মেয়র শেখ তাপস।
মেয়র সবাইকে ঈদের জামাতে অংশ নেওয়ার আহ্বান জানান। বঙ্গবাজারে নতুন ভবন নির্মাণ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘পরবর্তী সময়ে আবার মার্কেটগুলো নিয়ে বসব। অনেক পরিবর্তন হবে। তাঁদের (ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের) সঙ্গে বসতে হবে। নকশা পরিবর্তন হবে। মাননীয় প্রধানমন্ত্রী কিছু দিকনির্দেশনা দেবেন। এটা এখনো ওইভাবে চিন্তা করছি না।’ মেয়র বলেন, ‘মূল বিষয় ছিল বসার ব্যবস্থা করা। তা করেছি। এখন তাঁরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছেন।’