
ঢাকা বোট ক্লাবের দখলে থাকা ঢাকা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ১১ একর জমি উদ্ধার করেছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আট মাসের মাথায় সে জমিতে আবার ফটক ও ৪০০ ফুট দীর্ঘ সড়ক নির্মাণ করেছে ক্লাবটি।
গত বছরের ২১ মে বাঁধের রক্ষক পাউবো অভিযান চালিয়ে দখল করা জমিতে কৃত্রিম ঝরনা ও পাকা রাস্তা এবং কাঁটাতারের বেড়া গুঁড়িয়ে দিয়েছিল।
রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর–সংলগ্ন পঞ্চবটি এলাকায় তুরাগ নদ ঘেঁষে ঢাকা বোট ক্লাব। গত ২৫ ফেব্রুয়ারি সরেজমিন দেখা যায়, সেখানে নতুন করে সড়ক নির্মাণ চলছে। খোলা জায়গায় পড়ে আছে নির্মাণসামগ্রী। মূল ফটকের বাইরে আরও একটি কংক্রিটের ফটক নির্মাণ করেছে ক্লাব কর্তৃপক্ষ।
এখানে কথা হয় একজন নিরাপত্তাকর্মীর সঙ্গে। তিনি জানান, কয়েক মাস আগে সরকারি লোক এসে উচ্ছেদ করে গিয়েছিলেন। সেখানে রাস্তা নির্মাণ করা হয়েছে বেশি দিন হয়নি। এই নিরাপত্তাকর্মী নিজের নাম জানাতে চাননি।
পাউবোর নথি অনুযায়ী, বোট ক্লাব কর্তৃপক্ষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১০ দশমিক ৭৩ একর দখল করেছে। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত বোট ক্লাবে মূল সড়ক থেকে যাতায়াতের জন্য ২০১৭ সালের ৬ জুন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৫৫ শতক জায়গা বরাদ্দ দেয় সরকার।
ক্লাবের তৎকালীন সভাপতি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের নামে ওই জায়গা বরাদ্দ দেওয়া হয়। দখলে নেওয়ার পর ওই জায়গায় একটি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন বেনজীর আহমেদ। ২০২৩ সালের অক্টোবরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ওই ভবন নির্মাণের জন্য অনাপত্তিপত্র দিতে পাউবোকে চিঠি দেয়। তবে ফিরতি চিঠিতে পাউবো জানায়, প্রস্তাবিত জায়গাটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অংশ হওয়ায় বহুতল ভবন নির্মাণের কোনো সুযোগ নেই।
পাউবোর ঢাকা অঞ্চলের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে বোট ক্লাবের সভাপতিকে পাঠানো চিঠিতে দখলে রাখা জমি ছেড়ে দিতে বলা হয়। নইলে আইন অনুযায়ী উচ্ছেদ করা হবে বলেও জানানো হয়।
এরপর অন্তর্বর্তী সরকারের আমলে গত বছরের মে মাসে পাউবো উচ্ছেদ অভিযান চালায়। গত ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর বোট ক্লাব আবার সেই জমি দখলে নিয়েছে।
পাউবোর নথি অনুযায়ী, বোট ক্লাব কর্তৃপক্ষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১০ দশমিক ৭৩ একর দখল করেছে। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত বোট ক্লাবে মূল সড়ক থেকে যাতায়াতের জন্য ২০১৭ সালের ৬ জুন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৫৫ শতক জায়গা বরাদ্দ দেয় সরকার।
বিষয়টি নিয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। তাঁরা বলছেন, যেহেতু ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর পাউবোর জায়গা নতুন করে দখল করা হয়েছে, তাঁরা নতুন সরকারের নির্দেশনা বুঝে পরবর্তী পদক্ষেপ নেবেন।
রাজউকের পরিকল্পনা উইংয়ের সদস্য মো. বশিরুল হক ভূঁইয়াকে ১ ও ২ মার্চ ফোন দিলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাঁর অফিসের ল্যান্ডফোনে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। রাজউকের পরিকল্পনা উইংয়ের প্রধান নগর–পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘একটা চিঠি দেওয়া হয়ে থাকতে পারে। পরে কী হয়েছে, সেটা আমি জানি না।’
এ বিষয়ে বক্তব্য জানতে কয়েক দিন ধরে ঢাকা বোট ক্লাবের বর্তমান সভাপতি রুবেল আজিজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা দেখেও তিনি কোনো সাড়া দেননি।
পাউবোর নথিতে বলা হয়েছে, ৩২ কিলোমিটারের ঢাকা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ছোট-বড় ১ হাজার ৭০০টি অবৈধ স্থাপনা আছে।
সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, পানি উন্নয়ন বোর্ডের ১০ একর জমি দখল করে রেখেছিল বোট ক্লাব, যা অন্তর্বর্তী সরকার উদ্ধারে সফল হয়।
এ ধরনের ভূমি কোনোভাবেই কোনো ব্যক্তিকে বরাদ্দ দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘এ রকম মূল্যবান ভূমি ব্যক্তির বরাবরে বন্দোবস্ত দেওয়ার কোনো সুযোগ নেই। এত দিন বেআইনি দখলে রাখার জন্য বোট ক্লাবকে শাস্তি দিতে হবে।’
‘ক্লাবটি সব বিবেচনায় দেশের অনেক আইন ভঙ্গ করে আর ক্ষমতার অপব্যবহার করেই প্রতিষ্ঠিত,’ যোগ করেন রিজওয়ানা হাসান।
যেভাবে আলোচনায় এসেছিল ঢাকা বোট ক্লাব
২০১৪ সালে প্রতিষ্ঠিত ঢাকা বোট ক্লাব ২০২১ সালের জুনে চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। ঢাকা বোট ক্লাবে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন—এমন অভিযোগ এনে তখন মামলা করেছিলেন তিনি।
প্রায় তিন মাস তদন্তের পর ওই মামলায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। তাতে বলা হয়, পরীমনি বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির (যৌন নির্যাতন) শিকার হয়েছিলেন। পুলিশ এ ঘটনায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তাঁর সহযোগী শাহ শহিদুল আলম ও তুহিন সিদ্দিকী অমির সম্পৃক্ততা পাওয়ার কথা জানিয়েছিল। নাসির উদ্দিন ক্লাবটির একজন প্রতিষ্ঠাতা সদস্য।
বোট ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আছেন মোট সাতজন। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আছেন আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন নাসিমও। এ বিনোদন ক্লাবের সদস্য মূলত সমাজের অভিজাত ব্যক্তিরা। ক্লাবটির বর্তমান সভাপতি রুবেল আজিজও ব্যবসায়ী। বর্তমানে এ ক্লাবের সদস্য ১ হাজার ৫০০ জন।
বোট ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আছেন মোট সাতজন। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আছেন আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন নাসিমও। এ বিনোদন ক্লাবের সদস্য মূলত সমাজের অভিজাত ব্যক্তিরা। ক্লাবটির বর্তমান সভাপতি রুবেল আজিজও ব্যবসায়ী। বর্তমানে এ ক্লাবের সদস্য ১ হাজার ৫০০ জন।
আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযান শুরু হলে ২০২৪ সালের মে মাসে তিনি দেশ ছাড়েন। পরে জুন মাসে বোট ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তিনি সভাপতির দায়িত্ব ছেড়েছেন।