
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ঢাকার দুই সিটি করপোরেশনের ৯৮টি ওয়ার্ডের মধ্যে ৫৫টিই ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। পুরো ঢাকাতেই ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার উপস্থিতি অনেক বেশি। রাজধানীর সবাই ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্ বর্ষা জরিপে এই চিত্র উঠে এসেছে।
জরিপে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার লার্ভা রয়েছে এমন পাত্র এবং সম্ভাব্য প্রজননস্থলের সংখ্যা সর্বোচ্চ পাওয়া গেছে, যা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার আওতাধীন জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির কীটতাত্ত্বিক দল গত ১৭ জুন থেকে ২৭ জুন পর্যন্ত প্রাক্ বর্ষা এডিস জরিপ চালায়। ঢাকার দুই সিটির মোট ৯৮টি ওয়ার্ডের ৩ হাজার ১৪৯টি বাড়িতে জরিপ পরিচালিত হয়। প্রাক্ বর্ষা এই জরিপের ফলাফল আজ মঙ্গলবার মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য ভবনের মিলনায়তনে প্রকাশ করা হয়।
জরিপের তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম। এতে বলা হয়, মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক ‘ব্রুটো ইনডেক্স’ নামে পরিচিত। জরিপ বলছে, ৯৮টি ওয়ার্ডের মধ্যে ৫৫টিতেই ‘ব্রুটো ইনডেক্স’ ২০–এর বেশি। এর অর্থ হচ্ছে এসব এলাকার ১০০টির মধ্যে ২০টি পাত্রে মশা বা লার্ভা পাওয়া গেছে। গত বছর ৯৮টি ওয়ার্ডের মধ্যে মাত্র ৩টিতে ব্রুটো ইনডেক্স ২০–এর বেশি ছিল।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৮টি ওয়ার্ডে গেছেন জরিপকারীরা। এসব ওয়ার্ডের ৩ হাজার ১৪৯টি বাড়ি পরিদর্শন করে ৫৪৯টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। ডিএনসিসির ২৭১টি এবং ডিএসসিসির ২৭৮টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবির বলেন, জরিপে ভয়াবহ চিত্র উঠে এসেছে। এবার মশার ঘনত্ব ২০১৯-২০ সালের থেকে অনেক বেশি। এই বছর দেরিতে বর্ষা এসেছে, দেরিতে যাবে বলে ধারণা করা হচ্ছে। ডেঙ্গুর মৌসুম গত বছরের মতো দীর্ঘ হওয়ার শঙ্কা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাশেদা সুলতানা, আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবিরুল বাশারসহ ঢাকার বিভিন্ন হাসপাতালের পরিচালকেরা।