
রাজধানীর আজিমপুর এলাকায় স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার পাশে টিসিবির পণ্য নিতে পরিবার কার্ডধারীদের লম্বা লাইন। বেলা তখন একটা। মাথার ওপর গনগনে রোদ। একটু পরই লাইনে দাঁড়ানো লোকজনের মধ্যে কথা–কাটাকাটি।
এমন পরিস্থিতি কেন হচ্ছে, তার একটা ব্যাখ্যা দিয়েছেন লাইনে সাত ঘণ্টা ধরে অপেক্ষা করা এক ব্যক্তি আমিনুল হক। তিনি বলছেন, ‘লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মাথা গরম হয়ে গেছে। নাওয়াখাওয়া বন্ধ, গোসল, নামাজ নাই, এর মধ্যে হুট করে কেউ লাইনে ঢুকতে চাইলে মেজাজ কি আর ঠিক থাকে।
স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার পাশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে আজ বৃহস্পতিবার সকাল থেকে টিসিবির পণ্য বিক্রি করা হয়। বিকেল চারটা পর্যন্ত চলে।
অনেকেই ভোর থেকে এসে লাইনে দাঁড়ান। বেলা বাড়তে থাকলেও ভিড় কমেনি এতুটুকু। ফজরের নামাজ শেষে যাঁরা লাইনে এসে দাঁড়িয়েছেন, তাঁরা বেলা একটা নাগাদ পণ্য হাতে পেয়েছেন।
সাড়ে চার ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর টিসিবির পণ্য হাতে পেয়েছেন আমেনা বেগম। এরপর ভিড় ঠেলে বাইরে এসেই মাটিতে বসে পড়লেন তিনি। বললেন, শরীর আর চলছে না। টিসিবির পণ্য পেতে সকাল থেকে তাঁকে অনেকটা ‘যুদ্ধ’ করতে হয়েছে।
প্রায় পাঁচ মিনিট বিশ্রাম নিয়ে বাসার উদ্দেশে রওনা হন আমেনা। যাওয়ার আগে তিনি এই প্রতিবেদককে বলেন, দুটি কার্ডে ১ হাজার ১৪০ টাকা দিয়ে পাঁচ ধরনের পণ্য কিনেছেন তিনি। একটি কার্ড তাঁর নিজের নামে। আরেকটি তাঁর স্বামী মোকসেদ আলীর নামে। টিসিবির পণ্য কিনতে সকাল সাড়ে আটটায় এসে লাইনে দাঁড়িয়েছিলেন।
আজিমপুরের রসুলবাগ এলাকার বাসিন্দা মোতালেব হোসেন প্রথম আলোকে বলেন, তিনি সকাল সাতটায় লাইনে এসে দাঁড়িয়েছেন। বেলা আড়াইটার দিকে পণ্য কেনার সুযোগ পেয়েছেন। পেশায় রিকশাচালক মোতালেবের কণ্ঠে আক্ষেপের সুর, গরুর মাংসের কথা তো ভাবাই যায় না, মুরগিও নাগালের বাইরে চলে গেল। নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, এই পরিস্থিতিতে টিসিবির পণ্য তাদের খুব দরকার। আজ তেল, চিনি, ছোলা, খেজুর ও মসুর ডাল কিনতে পেরেছেন। প্রায় আড়াই মাস পর এই ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।
টিসিবির ফ্যামিলি কার্ড দিয়ে একজন প্রতি মাসে পণ্য কিনতে পারবেন। রোজা উপলক্ষে এই প্যাকেজে রয়েছে তেল ২ লিটার (২২০ টাকা), ছোলা ১ কেজি (৫০ টাকা), চিনি ১ কেজি (৬০ টাকা), খেজুর ১ কেজি (১০০ টাকা), মসুর ডাল ২ কেজি (১৪০ টাকা)।