শিক্ষার্থীদের মধ্যে জনসচেতনতা তৈরি করতে লিফলেট বিতরণ এবং পানি ও বিদ্যুতের অপচয় রোধে করণীয়গুলো তুলে ধরেন ছাত্রদলের নেতারা। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে
শিক্ষার্থীদের মধ্যে জনসচেতনতা তৈরি করতে লিফলেট বিতরণ এবং পানি ও বিদ্যুতের অপচয় রোধে করণীয়গুলো তুলে ধরেন ছাত্রদলের নেতারা। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে

পানি ও বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি

বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘আমরা আমাদের দায়িত্ব পালন করছি কি না’ শিরোনামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলামের উদ্যোগে এ আয়োজন করা হয়।

কর্মসূচিতে নেতা–কর্মীরা শিক্ষার্থীদের মধ্যে জনসচেতনতা তৈরি করতে লিফলেট বিতরণ করেন এবং পানি ও বিদ্যুতের অপচয় রোধে করণীয়গুলো তুলে ধরেন।

তৌহিদুল ইসলাম বলেন, পৃথিবীর তিন ভাগ পানি থাকলেও বাংলাদেশের অনেক এলাকায় শুষ্ক মৌসুমে সুপেয় পানির সংকট দেখা দেয়। পানি সংরক্ষণের অভ্যাস গড়ে তুললে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়া সম্ভব।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক আরও বলেন, বিদ্যুৎ জাতীয় সম্পদ। অপ্রয়োজনে ব্যবহার কমানো, রুম থেকে বের হওয়ার সময় লাইট–ফ্যান বন্ধ রাখা, দিনের আলো কাজে লাগানো এবং সৌরবিদ্যুৎ ব্যবহারে অভ্যস্ত হওয়া—এসব অভ্যাস করতে পারলে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।

তৌহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে আসছেন।

কর্মসূচি সম্পর্কে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল বলে জানিয়েছেন আয়োজকেরা। বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী তানভীর হাসান প্রথম আলোকে বলেন, পানি ও বিদ্যুৎ সাশ্রয়ে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। পরিবেশগত সংকট মোকাবিলায় জনসচেতনতা জরুরি এবং এ ধরনের কর্মসূচি আরও হওয়া উচিত।