চিত্রকলা

শিল্পমাধ্যমে বিমূর্ততা এক বিপ্লব

পঞ্চাশ ও ষাটের দশকের শিল্পীদের আঁকা ছবি নিয়ে আলোচনা করেন মাসুদা খাতুন। গতকাল বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে
ছবি: খালেদ সরকার

প্রতিরোধ ও আত্মপরিচয় নির্মাণ প্রচেষ্টার মধ্য দিয়েই এ অঞ্চলে শুরু হয় আধুনিকতার। সেই প্রতিরোধ ছিল ঔপনিবেশিকতার বিরুদ্ধে। জাতীয়তাবাদী চেতনার মধ্য দিয়ে এ অঞ্চলে বাঙালি আত্মপরিচয় নির্মাণপ্রক্রিয়ার প্রভাব পড়ে শিল্পচর্চায়। এরই ধারাবাহিকতায় এসেছে বিমূর্ত ছবি আঁকার চর্চা।

‘বাংলাদেশের আধুনিক চিত্রকলার দ্বিতীয় পর্যায়: পঞ্চাশ ও ষাটের দশক’ শীর্ষক শিরোনামের আলোচনা অনুষ্ঠানে এমন কথা উঠে আসে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত হয় এ শিল্পকথন সভা।

মূল প্রবন্ধ পাঠ করেন মাসুদা খাতুন। তাঁর প্রবন্ধে উঠে আসে প্রথম পর্বে বাঙালি জাতীয়তাবাদী ভাবনার প্রভাবে জয়নুল আবেদিন, কামরুল হাসান, সফিউদ্দীন আহমেদ, এস এম সুলতানের হাত ধরে আধুনিক চিত্রকলা তৈরির ইতিহাস। মাসুদা খাতুন বলেন, আত্মপরিচয় নির্মাণ করতে গিয়ে বাংলার গ্রামীণ সাংস্কৃতিক ঐতিহ্যকে চিত্রে নিরীক্ষার মাধ্যমে তুলে এনেছিলেন শিল্পীরা। তাঁদের চিত্রচর্চার মধ্য দিয়ে বাংলাদেশের চিত্রকলার প্রথম পর্যায় নির্মিত হয়।

পঞ্চাশ ও ষাটের দশকে তাঁদের উত্তরসূরি হিসেবে আমিনুল ইসলাম, হামিদুর রাহমান, মুর্তজা বশীর, রশিদ চৌধুরী, কাইয়ুম চৌধুরী, আবদুর রাজ্জাক, সৈয়দ জাহাঙ্গীর, কাজী আবদুল বাসেত ও দেবদাস চক্রবর্তীর মতো শিল্পীরা তৈরি করেন চিত্রকলার পরবর্তী ধাপ।

প্রবন্ধ নিয়ে আলোচনা করেন শিল্পী ঢালী আল মামুন। তিনি বলেন, অগ্রগতি কখনো একরৈখিক ঘটনা নয়। এর নানা মাত্রা রয়েছে। বাংলাদেশের ইতিহাস দীর্ঘদিনের নয়। তাই আধুনিকতাকে বুঝতে হলে তাকে বারবার পাঠ করা জরুরি। তিনি বলেন, শিল্পমাধ্যমে বিমূর্ততা একটা বিপ্লব।

পঞ্চাশ ও ষাটের দশকের শিল্পীদের চিত্রকর্মের সঙ্গে তখনকার সাহিত্য, রাজনৈতিক প্রভাব, ধর্মীয় চেতনার সম্পর্ক রয়েছে বলে জানান শিল্পী ওয়াকিলুর রহমান।

শিল্পী অধ্যাপক লালারুখ সেলিম বলেন, আধুনিকতা নিয়ে আলোচনা করলে তা অধিকাংশ সময় পশ্চিমা ভাবধারাকে কেন্দ্র করে হয়। এ অঞ্চলে আধুনিকতার প্রভাব ও পরিবর্তনের ধারা অনালোচিত থেকে যায়। তবে ‘বাংলাদেশের আধুনিক চিত্রকলার দ্বিতীয় পর্যায়: পঞ্চাশ ও ষাটের দশক’ শীর্ষক আলোচনা এ অঞ্চলে আধুনিকতার ধারাকে কেন্দ্র করেই হয়েছে।

আলোচনা শেষে ছিল প্রশ্নোত্তর পর্ব। অনুষ্ঠান সঞ্চালনার সময় বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক লুভা নাহিদ চৌধুরী জানান, প্রদর্শনী অথবা সংগীতায়োজন—সবকিছুতে প্রশ্ন উঠে আসা উচিত। প্রশ্ন নিজেকে জানার পথ তৈরি করে দেয়।

সভায় আমিনুল ইসলামের আঁকা রাতে গানের আসর, জয়নুল আবেদিনের বাঙালি রমণী, কামরুল হাসানের মাছ ধরা, সফিউদ্দীন আহমেদের জেলের স্বপ্ন, কাইয়ুম চৌধুরীর আঁকা মসজিদে লাল মাছের মতো কয়েকটি বিখ্যাত চিত্রশিল্প নিয়ে আলোচনা হয়।